ময়মনসিংহ, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহের গৌরীপুরে সিএনজি চালিত যাত্রীবাহী বাসের সিলিন্ডার বিস্ফারণের পর অগ্নিদগ্ধ হয়ে ৩ জন নিহত হয়েছে। আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন আরও ছয়জন।
ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের গৌরীপুর উপজেলার চরশ্রীরামপুরে সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
সিলিন্ডার বিস্ফারণের পর আগুন ধরে গেলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে উঠে পড়ে। এতে বাসের নিচে চাপা পড়ে দুজন এবং অগ্নিদ্বগ্ধ হয়ে একজন মারা যান।
নিহতরা হলেন- নজরুল ইসলাম (৪০), বিল্লাল (৪০) ও তৌফিল (৩৫)।
এদের মধ্যে অগ্নিদ্বগ্ধ হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর মারা যান নজরুল ইসলাম এবং বাসের নিচে চাপা পড়ে মারা যান গৌরিপুরের ডৌহাখলা গ্রামের বিল্লাল (৪০) ও বিজয়নগর গ্রামের তৌফিল (৩৫)।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার এসএম আক্তারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা-কিশোরগঞ্জ সড়কে তাড়াইলগামী বাসটি রাত সাড়ে ৯টার দিকে গৌরীপুরের চরশ্রীরামপুরে পৌঁছলে বিকট শব্দে গ্যাসের সিলিন্ডারে বিস্ফোরণ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি দোকানে উঠে পড়লে চাপা পড়ে দুজন ঘটনাস্থলেই মারা যান। এসময় বাসটিতে আগুন ধরে গেলে কমপক্ষে সাতজন অগ্নিদগ্ধ এবং তাড়াহুড়া করে নামতে গিয়ে আরও কয়েকজন যাত্রী আহত হন।
দুর্ঘটনার পর ময়মনসিংহ ও ঈশ্বরগঞ্জ থেকে দমকল বাহিনীর দুটি দল ঘটনাস্থল গিয়ে আগুন নেভায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/ডিডি/০০৩০ ঘ.
bdnews24