ঢাকা, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর ঢাকা সফরের প্রতিবাদে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় বিক্ষোভ করেছে বিএনপি নেতা-কর্মীরা।
এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।
বিমানবন্দরে 'দেশ প্রেমিক জাগ্রত জনতা কেন্দ্রীয় কমিটি' এবং 'সচেতন নাগরিক ফোরাম' এর ব্যানারে বিক্ষোভে অংশ নেওয়াদের বিভিন্ন সময় বিএনপির মিছিল-সমাবেশে দেখা গেছে।
'দেশ প্রেমিক জাগ্রত জনতা কেন্দ্রীয় কমিটির' আহ্বায়ক ও সাবেক ছাত্রদল নেতা এমএ হাশেম রাজু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১০টার দিকে আনোয়ার চৌধুরীর সফরের প্রতিবাদ ও তার গ্রেপ্তার দাবিতে বিমানবন্দর গোলচত্ত্বরে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালনের সময় পুলিশ তাদের লাঠিচার্জ করে সরিয়ে দেয়।
রাজু বলেন, "১/১১ এর নায়ক আনোয়ার চৌধুরীকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।"
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দীন সালেহ আহমেদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকালে একশ'র মতো মানুষ গোলচত্ত্বরে প্রতিবাদ জানাতে আসে। কিন্তু তার আগেই আনোয়ার চৌধুরী বিমানবন্দর ত্যাগ করেন। পরে পুলিশ তাদের বুঝিয়ে ফেরত পাঠায়।"
বিক্ষোভকারীদের লাঠিপেটা করা হয়নি বলে দাবি করেন ওসি।
জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের অভিবাসন কর্মকর্তারা জানান, সকাল সাড়ে নয়টায় কাতার এয়ারওয়েজের একটি বিমানে জিয়ায় অবতরণ করেন আনোয়ার চৌধুরী।
সোমবার সকালে তিন দিনের সফরে ঢাকা পৌঁছান ২০০৪ থেকে ২০০৮ পর্যন্ত ঢাকায় ব্রিটিশ হাই কমিশনারের দায়িত্ব পালনকারী আনোয়ার চৌধুরী।
বাংলাদেশে ২০০৭ সালের ১১ জানুয়ারির পট পরিবর্তনে ওই সময় সাবেক মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া এ বিউটেনিস ও ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীসহ কয়েকজন বিদেশী কূটনীতিক ভূমিকা রাখেন বলে মনে করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/জিএমএ/এএনএস/২২২৩ঘ.
bdnews24