সিলেট, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকম) - আন্তর্জাতিক বাণিজ্যের সুবাদে বিশ্ব বাণিজ্যে বাংলাদেশের ভূমিকা বাড়ছে বলে মন্তব্য করেছেন মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি।
তিনি বলেন, "বাংলাদেশ স্বল্পোন্নত দেশের পক্ষে নেতৃস্থানীয় ভূমিকায় অবতীর্ণ হয়েছে। আশা করি এ দেশ তার নেতৃত্বের প্রসার ঘটাতে সক্ষম হবে।"
সোমবার সন্ধ্যায় সিলেটের একটি হোটেলে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মার্কিন রাষ্ট্রদূত এ কথা বলেন।
সিলেটকে একটি দ্রুত পরিবর্তনশীল অঞ্চল হিসেবে অভিহিত করে মরিয়ার্টি বলেন, "সিলেট অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বিনিয়োগের চালিকা শক্তি হিসাবে ক্রমশ পরিচিত হয়ে উঠছে। আন্তর্জাতিক বাণিজ্য ও প্রবাসী আয় বৃদ্ধির ফলে সিলেট দেশের অন্যতম গতিশীল অঞ্চল হিসাবে পরিগণিত হয়েছে।"
সিলেটে প্রস্তাবিত বিশেষ অর্থনৈতিক অঞ্চল (স্পেশাল ইকনমিক জোন) গঠনের বিষয়টি উল্লেখিত করে তিনি বলেন, "এ ধরনের উদ্ভাবনী ধারণা চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে এবং বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থার সুবিধা নিতে বাংলাদেশকে সাহায্য করবে।"
মরিয়ার্টি মনে করেন, বিশেষ অর্থনৈতিক অঞ্চল হলে আরও বেশি বিদেশি বিনিয়োগ আসবে এবং টেকসই ও ব্যাপক অর্থনৈতিক উন্নয়নে সহায়ক বাণিজ্যের পরিবেশ তৈরি হবে।
চেম্বার সভাপতি জুন্নন মাহমুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন- চেম্বার সহ-সভাপতি খন্দকার সিপার আহমদ ও জুবায়ের আহমদ চৌধুরী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫০ ঘ.
bdnews24