ঢাকা, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের আরো দুটি গুরুত্বপূর্ণ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। এছাড়া কয়েকটি পদে রদবদল হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয় সোমবার এসব নিয়োগ ও রদবদলের আদেশ দেয়।
চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া দুই কর্মকর্তা হলেন- ইদ্রিস আলী দেওয়ান এবং প্রকৌশলী মিজানুল করিম।
অবসর প্রস্তুতিমূলক ছুটিতে থাকা পরিকল্পনা কমিশনের প্রাক্তন সদস্য অর্থনৈতিক ক্যাডারের কর্মকর্তা ইদ্রিস আলী দেওয়ানকে একই পদে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে প্রধান প্রকৌশলী হিসেবে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন গণপূর্ত অধিদপ্তরের প্রাক্তন অতিরিক্ত প্রধান প্রকৌশলী মিজানুল করিম।
এছাড়া সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) অতিরিক্ত সচিব রনজিৎ কুমার বিশ্বাসকে প্রেষণে চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (অপারেশন) হিসেবে প্রেষণে নিয়োজিত বিমান বাহিনীর গ্র"প ক্যাপ্টেন নাঈম হাসানকে প্রত্যাহার করে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। তাকে বিমান বাহিনীতে ফেরত পাঠানো হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এসকে/১৯২২ঘ.
bdnews24