সিলেট, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ধর্ষণের অভিযোগে সিলেট নগরীর লালদিঘীর পাড় এলাকার একটি হোটেল থেকে সোমবার সকালে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন- মৌলভীবাজারের শাপলাবাগ গ্রামের কামাল আহমদ (৪৫), সিলেটের জকিগঞ্জের দৌলতপুর গ্রামের আব্দুল আজিজ (৩৫) এবং মুন্সিগঞ্জ জেলার শিপাহীপাড়া গ্রামের মনির মিয়া (৩৮)।
সিলেট কোতোয়ালি থানার উপ-পরিদর্শক খোরশেদ আলম জানান, কামাল আহমদ রোববার রাতে ১২ বছর বয়সী একটি মেয়েকে নিজের মেয়ে পরিচয় দিয়ে হোটেল তায়েফের ১১৯ নম্বর কক্ষ ভাড়া নেন।
সোমবার সকালে রক্তাক্ত অবস্থায় হোটেল ত্যাগ করার সময় স্থানীয়রা মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করে ঘটনা জানতে পারে। পরে তারা ঘটনাটি পুলিশকে জানায়।
পুলিশ মেয়েটিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। গ্রেপ্তার করে কামাল, তার সঙ্গী মনির ও হোটেলের নৈশপ্রহরী আজিজকে গ্রেপ্তার করে।
মেয়েটির বাড়ি ছাতক উপজেলার বাগবাড়ি গ্রামে। সে নগরীর মাজার রোড এলাকার ফুটপাতে থাকে বলে জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে।
পুলিশ কর্মকর্তা খোরশেদ জানান, গ্রেপ্তার হওয়া কামাল আহমদ ধর্ষণ করার কথা স্বীকার করেছেন। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯১২ ঘ.
bdnews24