ঢাকা, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -তিন শীর্ষ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে হাইকোর্ট।
এরা হলেন সংস্থাপন সচিব ইকবাল মাহমুদ, গণপূর্ত সচিব মাহবুবুর রহমান ও গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম।
সোমবার বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি শামসুল হুদার বেঞ্চ গণপূর্ত অধিদপ্তরের ১৩১ কর্মচারীর পক্ষে দায়ের করা আদালত অবমাননার আবেদনের পরিপ্রেক্ষিতে এই রুল জারি করে।
সরকারের পদস্থ এই তিন কর্মকর্তাকে হাইকোর্টের রায় না মানায় কেন আদালত অবমাননার অভিযোগে শাস্তি দেওয়া হবে না আগামী দুই সপ্তাহের মধ্যে তার কারণ জানাতে বলা হয়েছে।
গত বছর ৩০ জুলাই হাইকোর্ট এক রায়ে ওই ১৩১ গণপূর্ত কর্মচারীকে নিয়মিত করার নির্দেশ দিয়েছিল।
হাইকোর্টের রায়ের পরও নিয়মিত করা না হওয়ায় গত ১৩ জুলাই ওই তিন কর্মকর্তার প্রতি উকিল নোটিশ জারি এবং পরে ২ আগস্ট হাইকোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করেন ওই কর্মচারীরা।
তাদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এসকে/১৭৫০ঘ.
bdnews24