২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় সংঘর্ষে চার পুলিশসহ ৪০ জন আহত

মাগুরা সদর উপজেলার মহিষাডাঙ্গা গ্রামে রোববার রাতে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে চার পুলিশসহ ৪০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে নয়জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2009, 11:06 AM

Updated : 26 Aug 2022, 11:50 AM

মাগুরা, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাগুরা সদর উপজেলার মহিষাডাঙ্গা গ্রামে রোববার রাতে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে চার পুলিশসহ ৪০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে নয়জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এ ঘটনায় ১৩ জনকে গ্রেপ্তার করেছে। তবে তাদের নাম জানা যায়নি। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নিজামউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহিষাডাঙ্গা গ্রামের শওকত বিশ্বাস ও তোফাজ্জেল মোল্লার সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। টাকা পয়সা লেনদেন নিয়ে শনিবার তোফাজ্জেল মোল্লার সমর্থক ইমদাদ বিপক্ষের মারুফতকে মারধর করেন। এ নিয়ে রোববার রাত সাড়ে ৮টার দিকে দু'পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। তিনি জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে গেলে গ্রামবাসীদের ইটের আঘাতে রানা, আনোয়ার, মাহফুজ ও জহিরুল নামের চার কনস্টেবল আহত হন। এস আই জানান, আহতদের মধ্যে ইমদাদ মোল্লা (৫০), শহিদুল (৪৫), সবুজ আলী (১৭), আবু সাঈদ (২৫), ফয়সাল কবির (১৭), বাহারুল মোল্লা (২৫), গোপাল বিশ্বাস (৪৫), মশিয়ার (৪০) ও সালাউদ্দিনকে (২৯) মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রেপ্তার এড়াতে অন্যরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোট ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭১৯ ঘ.