২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরা হাসপাতালের উন্নয়ন প্রকল্পের চিকিৎসক-কর্মচারীদের কর্মবিরতি প্রত্যাহার

মাগুরা সদর হাসপাতালের উন্নয়ন প্রকল্পের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা রোববার দুপুরে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট প্রত্যাহার করেছেন। স্থানীয় সাংসদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা কর্মসূচি প্রত্যাহার করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2009, 02:14 PM

Updated : 26 Aug 2022, 11:50 AM

মাগুরা, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাগুরা সদর হাসপাতালের উন্নয়ন প্রকল্পের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা রোববার দুপুরে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট প্রত্যাহার করেছেন। স্থানীয় সাংসদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা কর্মসূচি প্রত্যাহার করেন। এর ফলে হাসাপাতালে চিকিৎসা কার্যক্রম আবার স্বাভাবিক হয়ে এসেছে। ৬৭ মাসের বকেয়া বেতন এবং চাকরি স্থায়ী করার দাবিতে তারা শনিবার সকাল থেকে অবস্থান ধর্মঘট ও কর্মবিরতি শুরু করেন। রোববার সকাল থেকে তারা শুরু করেন অনশন কর্মসূচি। খবর পেয়ে স্থানীয় সাংসদ এম এস আকবর দুপুরে হাসপাতালে যান এবং আন্দোলনকারীদের দাবি পূরণে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পরে তিনি অনশনকারীদের পানি পান করিয়ে অনশন ভঙ্গ করান। এ সময় জেলা প্রশাসক মো. দেলোয়ার বখ্ত, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাছির বাবলু, জেলা আওয়ামী লীগ সভাপতি আলতাফ হোসেন, সিভিল সার্জন কে এম মাহফুজুল কবীর উপস্থিত ছিলেন। সিভিল সার্জন অফিস জানায়, ৫০ শয্যাবিশিষ্ট মাগুরা সদর হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করার সময় ১৯৯৮ সালের জুন মাসে একটি উন্নয়ন প্রকল্পের আওতায় ১১ জন চিকিৎসকসহ ৭৬ জন কর্মকর্তা কর্মচারীকে নিয়োগ দেওয়া হয়। ২০০৩ সালের ডিসেম্বর মাস থেকে এ বছরের জুলাই পর্যন্ত ৬৭ মাস ধরে তারা বেতন পাচ্ছেন না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২৬ ঘ.