বরগুনা, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরগুনার পাথরঘাটা উপজেলার কাঠালতলী গ্রাম থেকে রোববার দুপুরে একটি হরিণের চামড়া ও মাংস উদ্ধার করেছে পুলিশ।
তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
পাথরঘাটা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলমগীর হোসেন জানান, হরিণ জবাইয়ের খবর পেয়ে পুলিশ বেলা সাড়ে ১১ টার দিকে কাঠালতলী গ্রামের নুর ইসলাম হাওলাদারের ছেলে জলিল হাওলাদারের বাড়ি ঘেরাও করে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে জলিল হরিণের মাংস পুকুর ও খালে ফেলে দিয়ে পালিয়ে যায়। পরে পুকুর ও খাল থেকে প্রায় ১২ কেজি মাংস উদ্ধার করা হয়। এছাড়া জলিলের ঘরের পিছনের বাগানে জবাই করা হরিণটির চামড়া পাওয়া গেছে।
এ ব্যাপারে বন বিভাগের পক্ষ থেকে পাথরঘাটা থানায় মামলা করা হয়েছে বলে এএসআই জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৩৯ ঘ.
bdnews24