২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় 'বন্দুকযুদ্ধে' নিহত ২

পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে কুষ্টিয়ায় রোববার ভোররাতে দুই জন নিহত হয়েছে। নিহত জাহাঙ্গীর হোসেন (৩০) ও ইয়ারুল ইসলাম (২৮) চরমপন্থী দলের সদস্য বলে পুলিশের দাবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2009, 05:05 AM

Updated : 26 Aug 2022, 11:50 AM

কুষ্টিয়া, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে কুষ্টিয়ায় রোববার ভোররাতে দুই জন নিহত হয়েছে। নিহত জাহাঙ্গীর হোসেন (৩০) ও ইয়ারুল ইসলাম (২৮) চরমপন্থী দলের সদস্য বলে পুলিশের দাবি। মিরপুর উপজেলার বিল আমলা গ্রামে ওই 'বন্দুকযুদ্ধ' হয় বলে জানিয়েছেন কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (এএসপি) আলমগীর হোসেন। তিনি জানান, ঘটনাস্থল থেকে পুলিশ একটি পিস্তল, একটি শাটারগান, নয় রাউন্ড গুলি, তিনটি রামদা উদ্ধার করেছে। পুলিশ কর্মকর্তা আলমগীর বলেন, "বিল আমলা গ্রামে সাগরখালি নদীর ধারে এক দল চরমপন্থীর বৈঠকের খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। ওই সময় চরমপন্থীরা গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। বন্দুকযুদ্ধের এক পর্যায়ে মারা যায় জাহাঙ্গীর ও ইয়ারুল। পালিয়ে যায় তাদের সহযোগীরা।" নিহত দুই জনেরই বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুণ্ডি গ্রামে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আনোয়ার হোসেন জানান, জাহাঙ্গীর ও ইয়ারুলের বিরুদ্ধে হত্যা, অপহরণ ও ছিনতাইয়ের অভিযোগে মিরপুরসহ কুষ্টিয়ার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তারা পালিয়ে বেড়াচ্ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১১১ ঘ.