২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাজী ফারুকের ঢোকার চেষ্টায় প্রশিকা ভবনে সংঘর্ষ

সদলবলে কাজী ফারুক আহমেদের প্রশিকা ভবনে ঢোকার চেষ্টার কারণে রাজধানীর মিরপুর ২ নম্বর এলাকায় ওই ভবনে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েক দফা সংঘর্ষ চলে। এতে অন্তত ৩৫ জন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। দুপুরের পর থেকে পরিস্থিতি অনেকটাই শান্ত। সায়েদ তালাত জানাচ্ছেন বিস্তারিত। (আরও তথ্যসহ-২)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2009, 06:05 AM

Updated : 26 Aug 2022, 11:50 AM

সায়েদ তালাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদলবলে কাজী ফারুক আহমেদের প্রশিকা ভবনে ঢোকার চেষ্টার কারণে মিরপুর ২ নম্বর এলাকায় ওই ভবনে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েক দফা সংঘর্ষ চলে। এতে অন্তত ৩৫ জন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। দুপুরের পর পরিস্থিতি শান্ত হয়। বেসরকারি প্রতিষ্ঠান প্রশিকার সাবেক চেয়ারম্যান কাজী ফারুক মিছিল নিয়ে সকাল থেকে বেশ কয়েকদফা প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে ঢোকার চেষ্টা চালান। তবে ভবনের ভেতরে থাকা প্রশিকাকর্মীদের ইট-পাটকেলের মুখে তার সে চেষ্টা ব্যর্থ হয়। পরে কাজী ফারুক কয়েকশ লোকের মিছিল নিয়ে ভবনের সামনে রাস্তায় অবস্থান নেন। তবে দুপুর পৌনে ১টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে ওই সময় নিকটস্থ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এন্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার হৃদযন্ত্রে অস্ত্রোপচার করা হয়। তাকে সিসিইঊতে রাখা হয়েছে। এর একটু আগে থেকে পুলিশ পুরো ভবন ঘিরে অবস্থান নেয়। হামলা, ভাঙ্গচুর ও কর্মীদের আহত করার অভিযোগ এনে উভয়পক্ষই পরস্পরের বিরুদ্ধে থানায় মামলা করার ঘোষণা দিয়েছেন। দুপুর আড়াইটার দিকে ভবনের সামনে কাজী ফারুকের গুটিকয়েক সমর্থক জটলা বেঁধে ছিল। তবে ভবনের ভেতরে থাকা কেউ বের হয়নি। কাজী ফারুক অসুস্থ হওয়ার আগে সাংবাদিকদের বলেন, "আমি প্রশিকার বৈধ চেয়ারম্যান। গত ৬ জুন এজিএমে (বার্ষিক সাধারণ সভা) আমাকে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত করা হয়। আমি ও আমার কর্মীরা অফিসে যোগ দিতে এসেছি। কিন্তু আমাদের ঢুকতে দেওয়া হচ্ছে না।" কাজী ফারুকের মিছিলে স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের স্থানীয় নেতা-কর্মীদের দেখা গেছে। তিনি বলেন, "আমি মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তির লোক। তাই আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা আমাকে সহায়তা করছে। আর ভবনের ভেতরে থাকা লোকজন মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামায়াতে ইসলামীর সমর্থনপুষ্ট।" তবে কাজী ফারুকের মিছিলের মতো ভেতরে থাকা কর্মীরাও 'জয় বাংলা' স্লোগান দিচ্ছিল। ভবনের ভেতরে থাকা প্রশিকার পরিচালক (ক্ষুদ্র ঋণ-মাঠ কার্যক্রম) ও পরিচালনা পর্যদের সদস্য মো. আবদুর রব সাংবাদিকদের বলেন, "নিয়ম অনুসরণ করেই কাজী ফারুককে অপসারণ করা হয়েছে। তিনি যদি ফিরতে চান, তবে তা আইনের মধ্য দিয়েই হতে হবে। কিন্তু তিনি তা না করে সন্ত্রাসী নিয়ে ভবন দখল করতে এসেছিলেন।" রব বলেন, "সন্ত্রাসী হামলার মুখে আত্মরক্ষার জন্য আমরা গেট বন্ধ করে রেখেছিলাম।" তিনি পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ করেন। একইসঙ্গে বলেন, "অফিসে আসার পথে আমাদের বেশ কয়েকজন কর্মীর ওপর তারা (কাজী ফারুকের লোকজন) হামলা চালায়। দুইজন কর্মীকে শমরিতা হাসপাতালে ভর্তি করা হয়েছে।" অফিসের কার্যক্রম যথারীতি চলছে বলে রব দাবি করেন। রবের অভিযোগ নাকচ করেন ঢাকা মহানগর পুলিশের মিরপুর অঞ্চলের উপ কমিশনার চৌধুরী মনজুরুল কবীর। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুলিশ নিষ্ক্রিয় নয়। সেখানে যা ঘটছে, তা প্রশিকার অভ্যন্তরীণ ও সাংগঠনিক বিষয়। তবে এ কারণে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যেন না হয়, তা আমরা দেখছি।" স্থানীয়রা জানান, কাজী ফারুকের সমর্থকরা সকাল থেকেই প্রশিকা ভবনের সামনে জড়ো হতে থাকে। সকাল ৯টার দিকে তারা ভবনে ঢুকতে চায়। তখন ভবনের ভেতরে থাকা প্রশিকা কর্মকর্তা ও কর্মচারীরা বাধা দেয়। তখন দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। ১১টার দিকে কাজী ফারুক মিছিল নিয়ে আসেন। তারা প্রশিকা ভবনে ঢোকার চেষ্টা চালালে ১৪ তলা ওই ভবনের ভেতরে থাকা লোকজনও ইট ছুড়ে তা প্রতিরোধ করে। বাইরে থেকেও তাদের লক্ষ্য করে ইট নিক্ষেপ করা হয়। এ সময় উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন। কাজী ফারুকের কর্মীরা গেটের পাশের দেয়াল কয়েক স্থানে ভেঙ্গে ফেলেন। তবে ভেতর থেকে ইট নিক্ষেপের কারণে তারা আর ঢুকতে পারেননি। বাইরে থেকে ছুড়ে মারা ইটের আঘাতে ভেতরে কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্থ হয়। স্থানীয়রা বলছেন, সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হয়েছে। এদের বেশ কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, শমরিতা হাসপাতালসহ অন্যান্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। কাজী ফারুকের বিরুদ্ধে প্রশিকাকর্মীদের অভিযোগ, তিনি প্রতিষ্ঠানটিকে ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছিলেন। এ নিয়ে আন্দোলনের প্রেক্ষাপটে গত ২৪ মে কাজী ফারুককে প্রশিকার চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেয় প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ। তার স্থলাভিষিক্ত হন অ্যাডভোকেট মো. আব্দুল ওয়াদুদ আহমেদ। এ সিদ্ধান্তের বিরুদ্ধে পরদিন কাজী ফারুক মামলা করেন। মামলায় পরিচালনা পর্ষদের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা চাওয়ার পাশাপাশি তাকে প্রশিকার চেয়ারম্যান ঘোষণারও আবেদন করা হয়। ৩১ মে আদালত পর্যদের কার্যক্রমের উপর স্থগিতাদেশের আবেদন নাকচ করে দেয়। তবে চেয়ারম্যান পদ থেকে কাজী ফারুকের অপসারণ কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে বর্তমান পর্ষদের প্রতি রুল জারি করে আদালত। বর্তমান পর্ষদ সেই রুলের জবাবও দিয়েছে। রোববার এই মামলার শুনানির দিন ধার্য রয়েছে। কাজী ফারুক 'ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন' নামে একটি রাজনৈতিক দল গঠন করে নবম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন। কাজী ফারুকের পক্ষের প্রধান নির্বাহী কাজী খাজে আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, শনিবারের সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এদের পক্ষে রাতে আলাদা আলাদা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। অপরদিকে আব্দুর রব জানান, হামলা, ভাঙচুর ও কর্মীদের আহত করার অভিযোগে একটি মামলা করার প্রস্তুতি নেওয়া হয়েছে। রাতেই মামলাটি দায়ের করা হবে। এছাড়া উভয়পক্ষই রোববার ও সোমবার আলাদা আলাদাভাবে সংবাদ সম্মেলন ডেকেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/আরএ/এমআই/এইচএ/২১৩১ ঘ.