২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে কাজ করুন: ডিসিদের উপদেষ্টা

জেলা প্রশাসকদের (ডিসি) নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীর সংস্থাপন ও প্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম। ডিসি সম্মেলনের শেষ দিন বৃহস্পতিবার অনুষ্ঠিত জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2009, 02:26 PM

Updated : 26 Aug 2022, 11:49 AM

ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা প্রশাসকদের (ডিসি) নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীর সংস্থাপন ও প্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম। ডিসি সম্মেলনের শেষ দিন বৃহস্পতিবার অনুষ্ঠিত জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশ দেন। মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ বৈঠকে এইচ টি ইমাম জেলা প্রশাসকদের উদ্দেশে বলেন, " সাধারণ মানুষকে কীভাবে জনসেবা দেওয়া যায়, সে ব্যাপারে জেলা প্রশাসকদের ভাবতে হবে। এজন্য নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে।" মন্ত্রিপরিষদ সচিব আবদুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সংস্থাপন সচিব ইকবাল মাহমুদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন। এইচ টি ইমাম সাংবাদিকদের বলেন, "বৈঠকে জেলা প্রশাসকরা অনেক সমস্যার কথা তুলে ধরেছেন। এটি সরকারের একটি ফোরাম, এটি কোনো ট্রেড ইউনিয়ন নয় যে তারা দাবি জানাবেন। আমরা তাদের বক্তব্য শুনেছি। এসব সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে।" উপদেষ্টা জানান জেলা প্রশাসকরা জেলা ও উপজেলা পর্যায়ে যানবাহন, গাড়িচালক, অফিস ও আবাসন, বিভিন্ন পদে শূন্যতা, এবং উন্নয়ন কার্যক্রম সম্পর্কিত সমস্যার কথা তুলে ধরে সমাধানের সুপারিশ করেছেন। ডিসিরা অতিরিক্ত জেলা প্রশাসকের (শিক্ষা) পদ ও উপজেলা ভূমি অফিসে সহকারী কমিশনারের (এসি- ভূমি) পদ শূন্য থাকার কথাও উল্লেখ করে এর সমাধানের তাগিদ দিয়েছেন বলে তিনি জানান। "এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে ইতোমধ্যে কথা বলেছি। দ্রুতই এ সমস্যার সমাধান হয়ে যাবে", বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। জেলা পর্যায়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির সমন্বয়ে ডিসিদের নেতৃত্বে গঠিত কমিটির সভায় পুলিশ সুপারদের অনুপস্থিত থাকার বিষয়টি জেলা প্রশাসকরা তুলে ধরেছেন জানিয়ে এইচ টি ইমাম বলেন, "তাদের মধ্যে সমস্যা রয়েছে, তবে এটা সমন্বয়হীনতা নয়। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর বিশেষ আগ্রহ রয়েছে। তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই কমিটির কার্যক্রম দেখতে চান। এজন্য তিনি ওই কমিটির সভায় সংশ্লিষ্ট সবার উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।" মাঠ প্রশাসনের জেলা ও উপজেলা পর্যায়ে ই-গভর্ন্যান্স চালু করার উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, "এ নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনেক দিন ধরেই কাজ চলছে। জেলা প্রশাসক ও ইউএনওদের ল্যাপটপ কম্পিউটার দেওয়ার কথা ভাবা হচ্ছে। যাতে আধুনিক ডিজিটাল বাংলাদেশের সঙ্গে তারাও যুক্ত থাকতে পারেন।" উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) উপজেলা পরিষদের সদস্য সচিবের দায়িত্ব নেওয়ায় অসম্মতির বিষয়ে জানতে চাইলে এইচ টি ইমাম বলেন, "তাদের তো উপজেলায় একটি পদবী রয়েছে। এর বাইরে তাদের সদস্য সচিবের দায়িত্ব দেওয়ার কথা আইনে বলা হয়েছে। তারা যেহেতু এটি নিতে আগ্রহী নন, তাই সরকার নতুন করে কাউকে সদস্য সচিব করা যায় কিনা তা ভাবতে শুরু করেছে। সবকিছুই নির্ভর করছে সংসদের ওপর। কারণ এজন্য আইনের পরিবর্তন প্রয়োজন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এসকে/২০৩৮ঘ.