২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়ি থেকে ডেকে নিয়ে জবাই করে হত্যা

বাড়ি থেকে ডেকে নিয়ে রাজধানীর জুরাইনে রনি নামে এক তরুণকে বৃহস্পতিবার গলা কেটে হত্যা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2009, 12:12 PM

Updated : 26 Aug 2022, 11:49 AM

ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাড়ি থেকে ডেকে নিয়ে রাজধানীর জুরাইনে রনি নামে এক তরুণকে বৃহস্পতিবার গলা কেটে হত্যা করা হয়েছে। পুলিশ বেলা সাড়ে ১২টার দিকে রনির জবাই করা লাশ উদ্ধার করে। দিনের আলোয় অনেকের সামনে ঘটনাটি ঘটলেও কেউ মুখ খুলছে না বলে দাবি করেছেন নিহতের স্বজনরা। কদমতলী থানার উপ-পরিদর্শক সাকির মো. জুবায়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জুরাইন নতুন রাস্তার বাগিচাগলির শেষ মাথা থেকে রনির (১৮) লাশ উদ্ধার করা হয়। তার শরীর থেকে মাথাটি প্রায় বিচ্ছিন্ন ছিল। তিনি বলেন, "তাকে কারা হত্যা করেছে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু পাওয়া যায়নি। প্রাথমিক একটি ধারণা পাওয়া গেছে মাত্র।" রনি ফুলসহ হাতের তৈরী বিভিন্ন সামগ্রী বিক্রি করত। তার বাড়ি ৮৫, আফসার করিম সড়কে। রনির মামা রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাসায় ভাত খাওয়ার সময় ঠিক পৌনে ১২টার দিকে রনির বন্ধু রুবেল, নয়ন, উজ্জলসহ ৪/৫ জন তাকে ডেকে নিয়ে যায়। এর প্রায় ২০ মিনিট পর রনিকে খুন করা হয়েছে বলে খবর আসে।" রনির খালা নাদিয়া বেগম বলেন, "বাড়ি থেকে ৫ মিনিটের হাঁটা পথ (প্রায় ২০০ গজ) দূরত্বে রনিকে হত্যা করা হয়। যেখানে তাকে খুন করা হয়েছে, তার আশেপাশে অনেক বাড়ি-ঘর। খোলা জায়গায় এবং দিনের বেলায় এই হত্যার ঘটনা অনেকেই দেখেছে। কিন্তু এখন কেউ পুলিশের কাছে মুখ খুলছে না।" স্বর্ণা নামে একটি মেয়ের সঙ্গে রনির সম্পর্ক ছিল। এই সম্পর্কের জের ধরে হত্যাকাণ্ড ঘটতে পারে বলে পুলিশ এবং পরিবারের সদস্যদের ধারণা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৮১৯ ঘ.