ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিসিএস (কৃষি) ক্যাডারের ২৫৪ কর্মকর্তাকে ১৯৯৪ সালের ৮ জানুয়ারি থেকে গ্রেড-৫ পে সিলেকশন গ্রেড দেওয়ার জন্য সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
বৃহষ্পতিবার বিচারপতি মিফতাহ্উদ্দিন চৌধুরী ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর বেঞ্চ ওই ২৫৪ কর্মকর্তার রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয়।
রিট আবেদনে বলা হয়, সরকারী কর্মকর্তাদের বেতন বৈষম্য দূর করতে ১৯৯৪ সালের ১৯ এপ্রিল একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটি সব বিসিএস ক্যাডারের মধ্যে বেতন বৈষম্য দূর করার সুপারিশ করে।
কিন্তু ১৯৯৫ সালের ১২ নভেম্বর শুধুমাত্র বিসিএস (প্রশাসন) ক্যাডারের সিনিয়র স্কেলের প্রথম শ্রেণীর কর্মকর্তাদের মধ্য থেকে জ্যেষ্ঠতার ভিত্তিতে ৫০ শতাংশকে ১৯৯৪ সালের ৮ জানুয়ারি থেকে গ্রেড-৫ পে সিলেকশন গ্রেড দেওয়া হয়। ওই সময় থেকে ভূতাপেক্ষভাবে এটি কার্যকর হয়। বিসিএস (কৃষি) ক্যাডারের কর্মকর্তাদের তখন এই গ্রেড দেওয়া হয়নি।এটি বৈষম্যমূলক আচরণ।
আবেদনে আরও বলা হয়েছে, ২০০৪ সালের ২৮ অক্টোবর থেকে বিসিএস (কৃষি) ক্যাডারের কর্মকর্তাদের গ্রেড-৫ পে সিলেকশন গ্রেড দেওয়া হয়েছে।
আদালত বিসিএস (প্রশাসন) ক্যাডার কর্মকর্তাদের পাশাপাশি কৃষি ক্যাডারের কর্মকর্তাদের গ্রেড-৫ পে সিলেকশন গ্রেড না দেওয়াকে বৈষম্যমূলক ঘোষণা করে।
রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সালাউদ্দিন দোলন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এইচএ/১৯০০ ঘ.
bdnews24