ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক দেওয়ান রাহাত করিম মুকুল হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড এবং ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত।
বুধবার ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক মো. মাসদার হোসেন এ রায় দেন।
মৃতুদণ্ড পাওয়া দুই আসামি হলো মোশারফ হোসেন ওরফে হাজী সাব এবং লিটন মল্লিক ওরফে লিটন। তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।
যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত তিনজন হলো মোক্তার হোসেন, জাহাঙ্গীর ও আলাল। তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়।
রায় ঘোষণার সময় দণ্ডিতরা কাঠগড়ায় উপস্থিত ছিল।
রায় ঘোষণার পর আদালতে উপস্থিত নিহত মুকুলের বাবা আ. মতিন ও মা নাজমা মতিন কান্নায় ভেঙ্গে পড়েন। তারা দ্রুত রায় কার্যকরের দাবি জানান।
মামলার তথ্য অনুযায়ী, ২০০৭ সালের ২৫ সেপ্টেম্বর রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বের হয়ে মুকুল ঢাকা কলেজের পেছনে তাদের বাসায় যাওয়ার জন্য সিএনজি অটোরিক্সায় উঠেন। চালক মোক্তার হোসেন প্রস্রাব করার অজুহাতে বনানী চেয়ারম্যান বাড়ির সিগনাল পার হয়ে গাড়ি থামায়। তখন দণ্ডিত হাজীসাব, লিটন মল্লিক ও জাহাঙ্গীর দুদিক থেকে অটোরিক্সায় উঠে মুকুলকে ঘিরে ধরে। টাকা ও মোবাইলফোন ছিনিয়ে নিয়ে চোখে মলম লাগিয়ে তারা মুকুলকে শ্বাসরোধ করে হত্যা করে। তারা মুকুলের লাশ আর্মি স্টেডিয়ামের পাশে কাবাব ঘরের কাছে ফেলে দেয়। পরে পুলিশ মুকুলের লাশ উদ্ধার করে।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন বিশেষ পিপি মো. আবু আব্দুল্লাহ ভূঞা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএনএস/এইচএ/২৩৫৭ঘ.
bdnews24