ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে নেদারল্যান্ডের রাষ্ট্রদূত হিসেবে বিয়া টেন তুসারের স্থলাভিষিক্ত হচ্ছেন আলফনস হেনেকেন্স।
ঢাকাস্থ ডাচ দূতাবাস থেকে বুধবার জানানো হয়েছে, ইথিওপিয়ায় দায়িত্বপালনকারী নেদারল্যান্ডের রাষ্ট্রদূত হেনেকেন্স দায়িত্ব বুঝে নিতে বৃহস্পতিবার বাংলাদেশে আসবেন।
এর আগে তিনি রুয়ান্ডা ও বুরকিনো ফাসোতে নেদারল্যান্ডের প্রতিনিধিত্ব করেন।
১৯৭৭ সালে ডাচ পররাষ্ট্র বিভাগে হেনকেন্স তার কর্মজীবন শুরু করেন। এরপর বিভিন্ন সময় তিনি তানজানিয়া, ইয়েমেন, কোরিয়া, থাইল্যান্ড ও শ্রীলঙ্কায় দেশের প্রতিনিধিত্ব করেন।
ডাচ দূতাবাস থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, হেনেকেন্স বাংলাদেশে তার দায়িত্ব বুঝে নেওয়ার অপেক্ষায় আছেন। তিনি আশা প্রকাশ করেছেন, বাংলাদেশের সঙ্গে তার দেশের ৩৭ বছরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট থাকবে।
আগামী দিনগুলোতে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হওয়ার বিষয়ে হেনকেন্স আশাবাদ ব্যক্ত করেছেন বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/এসকে/২২৩২ঘ.
bdnews24