ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বিএনপি সাংসদ সালাহউদ্দীন কাদের চৌধুরীর সদস্যপদ খারিজের এখতিয়ার নির্বাচন কমিশনের রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা।
মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অফিস ত্যাগের আগে সালাহউদ্দীন কাদেরের বিষয়ে জানতে চাইলে এটিএম শামসুল হুদা বলেন, "আমি নামটাও (সালাহউদ্দীন কাদের চৌধুরী) আর শুনতে চাই না। আমাদের কাছে তার গুরুত্ব নেই। আমরা তার কথাকে গুরুত্বও দিই না।"
তবে নির্বাচনী আইন লঙ্ঘনের দায়ে বিএনপির এই সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে ইঙ্গিত দিয়ে সিইসি বলেন, "তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এখতিয়ার নির্বাচন কমিশনের রয়েছে। যে কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইনহেরেন্ট পাওয়ার ইসির রয়েছে।"
যথাসময়ে ইসি এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।
এর আগে সোমবার এ বিষয়ে আইনী পরামর্শ নিতে নির্বাচন কমিশন (ইসি) তাদের আইনজীবী কামাল হোসেনের সঙ্গে বৈঠক করে।
ইসি মনে করে, আদালতের নির্দেশনা উপেক্ষা করে মনোনয়পত্রের হলফনামায় 'মিথ্যা' তথ্য দেওয়ায় নির্বাচনী আইন অনুযায়ী সালাহউদ্দিন কাদের চৌধুরী সাংসদ থাকার যোগ্যতা হারিয়েছেন। এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্পিকারকে চিঠিও দেয় ইসি।
সালাউদ্দিন কাদের ২৯ ডিসেম্বরের নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসন থেকে নির্বাচিত হন।
মঙ্গলবারও সিইসি ও অপর দুই নির্বাচন কমিশনারের সমালোচনা করে সালাহউদ্দিন কাদের বলেন, "নির্বাচন কমিশন মনে করে, আমি তাদের চাকর।"
এর আগে ১৬ জুন তিনি বলেছিলেন, 'আইনগত সীমাবদ্ধতা'র কারণে এ বিষয়ে ইসি ও স্পিকারের কিছু করার ক্ষমতা নেই।
তার সংসদ সদস্য পদ বাতিল করে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসন কবে নাগাদ শূন্য ঘোষণা করা হবে- জানতে চাওয়া হলে গত ১৯ জুলাই সিইসি বলেন, " স্পিকারকে লেখা চিঠির জবাব পেয়েছি। আমরা আইনি পরামর্শ করে এ বিষয়ে চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নেব।"
নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করলে তা লড়তে ইসি প্রস্তুত রয়েছে বলে ইতোপূর্বে সাংবাদিকদের জানান নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন। তিনি বলেন, "যে কারও মামলা করার অধিকার রয়েছে। ইসি তা মোকাবেলা করতে প্রস্তুত।"
গণপ্রতিনিধিত্ব আদেশের ১২ এর ৩ (ক) ধারায় বলা আছে, কোনও ব্যক্তি হলফনামায় মিথ্যা তথ্য দিলে তিনি সংসদ সদস্য হওয়ার কিংবা থাকবার যোগ্য হবেন না।
সালাহউদ্দিন কাদের নবম সংসদ নির্বাচনে ইসির কাছে হলফনামা করে শিক্ষাগত যোগ্যতা 'নাই' উল্লেখ করলেও জাতীয় সংসদে রক্ষিত তার জীবনবৃত্তান্তে সম্মানসহ বিএ পাসের তথ্য মিলেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এইচএ/২০৫০ ঘ.
bdnews24