২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বৃষ্টি বেশি ছিল, তবে পানি নিষ্কাশন ব্যবস্থায় গলদে এ জলাবদ্ধতা'

রাজধানীতে মঙ্গলবারের জলবদ্ধতার কারণ হিসেবে পানি নিষ্কাশন ব্যবস্থার গলদকেই বড় চোখে দেখেছেন বিশেষজ্ঞরা। তবে বৃষ্টিপাত বেশি ছিল, তা স্বীকার করেছেন তারাও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2009, 01:53 PM

Updated : 26 Aug 2022, 11:48 AM

ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে মঙ্গলবারের জলবদ্ধতার কারণ হিসেবে পানি নিষ্কাশন ব্যবস্থার গলদকেই বড় চোখে দেখেছেন বিশেষজ্ঞরা। তবে বৃষ্টিপাত বেশি ছিল, তা স্বীকার করেছেন তারাও। সোমবার রাত থেকে অবিশ্রান্ত ধারায় বৃষ্টিতে রাজধানীর অনেক এলাকা ডুবে বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার দুপুর ১টা থেকে আগের ২৪ ঘণ্টায় ৩৩৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীর খাল ও জলাশয়গুলো অবৈধ দখলে চলে গেছে। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে নগরের পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ঘটেনি। এছাড়া সমন্বয়হীন ভাবে ড্রেনেজ ব্যবস্থা পরিচালনার ফলে হটাৎ করে আসা এই বিপুল পরিমাণ পানির চাপ সামলাতে পারছে না ঢাকা মহানগরী। পরিবেশবিদ আইনুন নিশাত বলেন, "কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে রাজধানীর সব ড্রেনেজ ব্যবস্থাকে একটি প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে পরিচালনা করতে হবে।" তিনি মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাজধানীর খালগুলোর বেশিরভাগই দখল করে ফেলা হয়েছে। যেগুলো রয়েছে, সেগুলোর পানিপ্রবাহ নানাভাবে বন্ধ। নগরের কেন্দ্র থেকে পানি বেরিয়ে যাওয়ার পথ নেই। এছাড়া বন্যার হাত থেকে রক্ষার জন্যে চারদিকে বেড়িবাঁধ থাকায় এসব দিক থেকেই পানি বেরিয়ে যেতে পারে না।" ঢাকা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক লিয়াকত আলী একই রকম অভিমত জানিয়ে বলেন, "সিটি কর্পোরেশনের আওতায় ২৬০০ কিলোমিটার ভূ-গর্ভস্থ ও সারফেস ড্রেন রয়েছে। কিন্তু এর ২৫০০ কিলোমিটারই নানারকম বর্জ্যে ভরে রয়েছে। ফলে পানি বের হবার রাস্তা নেই। বেশিরভাগ খাল ভরাট হয়ে রয়েছে। যা রয়েছে, তাও নিয়মিত পরিষ্কার করা হয় না। নগরীর ৪৩টি খালের মধ্যে মাত্র ২৬টি ওয়াসার আওতায় রয়েছে।" ফলে প্রবল এই বৃষ্টিপাতের ফলে নগরীতে যোগ হওয়া অতিরিক্ত পানি বের হতে না পারে স্থানে স্থানে জমে থাকছে বলে তারা জানান। লিয়াকত আলী বলেন, এই বৃষ্টিপাত ছিল স্মরণকালের মধ্যে ঢাকায় বেশি বৃষ্টিপাত। হটাৎ হওয়ায় সমস্যাটি কিছূটা ব্যাপক হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, "২০০৪ সালে রাজধানীতে ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছিল। সেই পানি সরানে আমাদের ৯দিন লেগেছিল। এবার বেশী বৃষ্টিপাত হলেও আমরা বলা চলে একদিনের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। আমাদের বেশ কয়েকটি ভিজিলেন্স টিম রাজধানীতে কাজ করছে।" আইনুন নিশাত আকস্মিক এই ব্যাপক বৃষ্টিপাতের জন্য জয়বায়ু পরিবর্তনকে দায়ী করেন। তিনি বলেন, "জয়বায়ু পরিবতর্নের ফলেই এরকম নানা ধরনের দুর্যোগ দেখা দিচ্ছে। অনেকটিন বৃষ্টি না হওয়া, আবার এই অতিরিক্ত বৃষ্টিপাত তারই একটি। এখন তো এগুলো অনেকটাই নিয়মিত হয়ে দাঁড়িয়েছে।" জলাবদ্ধতা নিরসনে পানি নিষ্কাষন পাম্পের সংখ্যা আরো বাড়িয়ে এই সমস্যার অনেকটা সমাধান করা যেতে পারে বলে তিনি পরামর্শ দেন। এ সমস্যার সমাধানে খাল বিল বিষয়ক ভূমি মন্ত্রণালয়, ভূ-উপরস্থ ড্রেনের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা সিটি কর্পোরেশন ও ভূ-গর্ভস্থ ড্রেনের দায়িত্বে থাকা ওয়াসার প্রাতিষ্ঠানিক কাঠামো পর্যবেক্ষণ করে দেখা দরকার বলে আইনুন নিশাত মন্তব্য করেন। তা না হলে ঢাকাবাসীকে পুনরায় এ ধরনের সমস্যায় পড়তে হবে বলে সতর্ক করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এলএইচ/এমআই/২০০৬ ঘ.