২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইএফআইসি ব্যাংকের এজিএম অনুষ্ঠানে হাইকোর্টের নিষেধাজ্ঞা

আইএফআইসি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোর্ট। সোমবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর একক হাইকোর্ট বেঞ্চ ব্যাংকের শেয়ারহোল্ডার মনিরুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ছয় সপ্তাহের জন্য এ নিষেধাজ্ঞা জারি করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2009, 04:37 PM

Updated : 26 Aug 2022, 11:48 AM

ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইএফআইসি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোর্ট। সোমবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর একক হাইকোর্ট বেঞ্চ ব্যাংকের শেয়ারহোল্ডার মনিরুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ছয় সপ্তাহের জন্য এ নিষেধাজ্ঞা জারি করে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মঙ্গলবার আইএফআইসি ব্যাংকের এজিএম ডাকা হয়। ব্যারিস্টার মওদুদ আহমদ ও ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ আবেদনকারী মনিরুল ইসলামের পক্ষে শুনানি করেন। আবেদনটির বিরোধিতা করে বর্তমান পরিচালনা পর্ষদের পক্ষে শুনানিতে অংশ নেন ড. এম জহির। আদেশের পর ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ সাংবাদিকদের বলেন, "হাইকোর্ট আইএফআইসি ব্যাংকের এজিএম অনুষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। ফলে মঙ্গলবার ব্যাংকটির নির্ধারিত এজিএম হবে না।" আবেদনে বলা হয়, ২০০৭ সালে জরুরি অবস্থা জারির আগে বিএনপির সাবেক সাংসদ মোসাদ্দেক আলী ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ছিলেন। জরুরি অবস্থা জারির পর ব্যাংকটির আগের পরিচালনা পর্ষদ ভেঙ্গে নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়। নতুন পরিচালনা পর্ষদের এক সভায় মোসাদ্দেক আলী ও দৈনিক আমার দেশের প্রকাশক হাসমত আলীসহ পাঁচজন ব্যাংকটির পরিচালনা পর্ষদের নির্বাচনে অংশ নিতে পারবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে ও ব্যাংকের এজিএম অনুষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা চেয়ে এ আবেদন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএনএস/এইচএ/২২০০ ঘ.