২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ভোটার তালিকা হালনাগাদের প্রথম পর্যায়ের কাজ শেষ

চট্টগ্রামে ভোটার তালিকা হালনাগাদ ও জাতীয় পরিচয়পত্রের ছবি তোলার প্রথম পর্যায়ের কাজ শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2009, 04:36 PM

Updated : 26 Aug 2022, 11:48 AM

চট্টগ্রাম, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে ভোটার তালিকা হালনাগাদ ও জাতীয় পরিচয়পত্রের ছবি তোলার প্রথম পর্যায়ের কাজ শেষ হয়েছে। সোমবার চট্টগ্রামের চারটি উপজেলায় ছবি তোলার প্রাথমিক কাজ শেষ হয়। গত ১ জুলাই থেকে চারটি উপজেলার মোট ৫৫ টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় জাতীয় পরিচয়পত্র ও ভোটার নিবন্ধনের কাজ শুরু হয়েছিল। জেলা নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দ্বিতীয় পর্যায়ে আরও পাঁচটি এলাকায় তথ্য সংগ্রহের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। ছবি তোলার কাজ শুরু হবে ১ আগস্ট। তিনি বলেন, হাটহাজারী, লোহাগাড়া, পটিয়া ও সীতাকুণ্ড- এ চার উপজেলার ইউনিয়ন পরিষদ ও পৌরসভাগুলোতে গত ২৫ জুলাই ছবি তোলার কাজ শেষ হয়। গত দুদিনে শুধুমাত্র উপজেলা সদরে বাদ পড়াদের ছবি তোলার কাজ চলেছে। গত ১৫ জুন থেকে সারাদেশের মত চট্টগ্রামের চার উপজেলায় নতুন ভোটার ও বাদ পড়াদের তথ্য সংগ্রহ ও ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হয়। তথ্য সংগ্রহের কাজ চলে ২৪ জুন পর্যন্ত। জেলা নির্বাচন কর্মকর্তা জানান, চার উপজেলায় এবার মোট ৪২ হাজার ১৭৭ জনের তথ্য সংগ্রহ করা হয়। এদের মধ্যে ১৮ বছর পূর্ণ হওয়া নতুন ভোটারের সংখ্যা প্রায় ১৩ হাজার। মৃত্যুর কারণে সর্বশেষ তালিকা থেকে বাদ গেছে ১ হাজার ৭৮১ জন। দ্বিতীয় পর্যায়ে ১৫ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত মীরসরাই, রাউজান, ফটিকছড়ি, আনোয়ারা ও সাতকানিয়া উপজেলায় নতুন ও গতবার বাদপড়াসহ মোট ৫৮ হাজার ৬৪৪ জনের তথ্য সংগ্রহ করা হয়। এ পাঁচটি উপজেলায় ছবি তোলার কাজ শুরু হবে ১ আগস্ট থেকে। জেলার বাকি পাঁচটি উপজেলায় তথ্য সংগ্রহের কাজ শুরু হবে ১৬ আগস্ট থেকে। আর মহানগরীর ৪১ নাম্বার ওয়ার্ডে তা শুরু হবে ১৫ সেপ্টেম্বর থেকে। নবম জাতীয় সংসদের নির্বাচনের সময় চট্টগ্রামের ১৪ টি উপজেলায় মোট ভোটার ছিল ২৮ লাখ ১৯ হাজার ৮০৯ জন। মহানগরীতে ভোটার সংখ্যা ছিল ১৫ লাখ ৬৮ হাজার ১৯১ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এএনএস/এসকে/২২৪০ঘ.