গাজীপুর, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুর শহরের ভোড়া এলাকার একটি বাড়ি থেকে সোমবার দুই মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। ওই বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে হাতে তৈরি পাঁচটি তাজা বোমা, ধারালো অস্ত্র, জাল টাকা, পাসপোর্ট, জিহাদী বই এবং নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর লিফলেট।
গ্রেপ্তার করা দুজন হলেন- ওই এলাকার সন্ত্রাসী বাবুল হোসেনের দুই স্ত্রী হাজেরা বেগম (২০) ও বিলকিস আক্তার (২৫)। অভিযানের সময় বাবুল হোসেন (৪০) পালিয়ে যান।
দুপুর সাড়ে ৩টায় গাজীপুরের গোয়েন্দা ও জয়দেবপুর থানা পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আবদুর রশিদ জানান, শহরের ভোড়া এলাকার বাবুল হোসেনের বাড়িতে পুলিশের অভিযানের সময় বাবুল পালিয়ে যায়। এ সময় পুলিশ তার দুই স্ত্রীকে আটক করে।
তিনি বলেন, "বাবুল হোসেন থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। তার কাছ থেকে অস্ত্র-বোমা, জাল টাকা পাওয়া যাওয়া স্বাভাবিক। কিন্তু জিহাদী বই ও লিফলেট আমাদের ভাবিয়ে তুলেছে।"
লিফলেটে লেখা আছে- "আমাদের অনেক দ্বীনি ভাই পুলিশ ও র্যাবের হাতে ধরা পড়েছে এবং আমাদের কয়েকজন নেতার ফাঁসিতে আমরা বড়ই আতঙ্কিত। তবে ভয় পাবার কারণ নেই। আমরা জিহাদী কাফেলা। ময়দানে নেমেছি। বিচারপতিরা আমাদের ভাইদের ওপর জুলুম করছে, জামিন দিচ্ছে না। তাই আমরা পদক্ষেপ নিয়েছি বিচার বিভাগ, পুলিশ, র্যাবসহ সকল প্রতিষ্ঠানে একযোগে আবার হামলা করব।"
নিজেদের জেএমবি পরিচয় দিয়ে লিফলেটের শেষের দিকে বলা হয়েছে "ভয় নেই সরকারি দলেও আমাদের লোক আছে।"
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল আহসান বলেন, আটক দুই মহিলাকে জিঙ্গাসাবাদ করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২১২ ঘ.
bdnews24