২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে শতাধিক মাছ ধরার নৌকাডুবি, দুজন নিখোঁজ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া উপকূলে সোমবার সকালে ঝড়ো হাওয়ার কবলে পড়ে শতাধিক মাছ ধরার নৌকা বঙ্গোপসাগরে ডুবে গেছে। দুর্ঘটনার পর অধিকাংশ জেলে ও মাঝি সাঁতরে তীরে আসতে পারলেও একটি নৌকার মালিকসহ কমপক্ষে দুজন নিখোঁজ রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2009, 03:55 PM

Updated : 26 Aug 2022, 11:48 AM

কক্সবাজার, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া উপকূলে সোমবার সকালে ঝড়ো হাওয়ার কবলে পড়ে শতাধিক মাছ ধরার নৌকা বঙ্গোপসাগরে ডুবে গেছে। দুর্ঘটনার পর অধিকাংশ জেলে ও মাঝি সাঁতরে তীরে আসতে পারলেও একটি নৌকার মালিকসহ কমপক্ষে দুজন নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনার পর প্রায় সব নৌকাই ঢেউয়ের তোড়ে তীরে পৌঁছালেও তিনটি নৌকা পাওয়া যাচ্ছে না। নিখোঁজ দুজন হলেন- নৌকার মালিক শামলাপুর এলাকার অছিউর রহমানের ছেলে বদিউল আলম এবং জেলে হাফেজ আহমদ। বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মোহাম্মদ সেলিম জানান, সোমবার সকালে বাহারছড়া এলাকার এক হাজারের বেশি মাছ ধরা নৌকা বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। বেলা ১১টার দিকে হঠাৎ ঝড়ো হাওয়ার কবলে পড়ে শতাধিক নৌকা ডুবে যায়। দুর্ঘটনার পরপরই প্রায় সব জেলে সাঁতরে তীরে উঠে আসেন। পুলিশ কর্মকর্তা সেলিম জানান, সাগরে জোয়ার থাকায় ডুবে যাওয়া প্রায় সব নৌকাই ঢেউয়ের তোড়ে তীরে চলে আসে। তবে সন্ধ্যা পর্যন্ত বাহারছড়ার এলাকার মৌলভী সৈয়দ করিম ও শাহপরীরদ্বীপের মোহাম্মদ ছলিমের নৌকাসহ তিনটির খোঁজ পাওয়া যায়নি। এ ব্যাপারে টেকনাফ থানায় একটি সাধারণ ডাইরি করা হয়েছে। সন্ধ্যা ৮টার দিকে টেকনাফের শাপলাপুর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি মমতাজুল ইসলাম জানান, এখনও তিনটি নৌকা পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০১ ঘ.