রাজশাহী, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আরও দুটি মামলায় জামিন পেয়েছেন বিগত চারদলীয় জোট সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আমিনুল হক। এ নিয়ে তিনটি মামলায় জামিন পেলেন তিনি।
সোমবার দুপুরে রাজশাহীর অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় হাকিম এবিএম মাহমুদুল হক জামিন মঞ্জুর করেন।
অবৈধভাবে সম্পদ অর্জন ও তথ্য গোপন এবং জঙ্গি মদদের মামলায় আমিনুল হকের ৪১ বছর সাজা হয়েছে। ৭ জুলাই আদালতে আত্মসমর্পণের পর তাকে কারাগারে পাঠানো হয়।
২০ জুলাই গোদাগাড়ীর ত্রাণের টিন আত্মসাতের মামলায় আমিনুল হককে জামিন দেওয়া হয়েছিল।
আমিনুল হকের অনুপস্থিতিতে আইনজীবীরা পাঁচটি মামলায় জামিন আবেদন করেন।
শুনানি শেষে আদালত তানোরের মোহাম্মদপুর এলাকার জিয়া পরিষদের ত্রাণের টিন ও গোদাগাড়ী মহিলা কলেজে নাইট গার্ডের চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাতের মামলায় আমিনুল হকের জামিন মঞ্জুর করে।
এছাড়া গোদাগাড়ী ও তানোরে ত্রাণের টিন আত্মসাতের দুটি এবং তানোরে চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাতের অপর মামলায় জামিন নামঞ্জুর করে আদালত।
আগামী ৫ আগস্ট মামলাটি তিনটির শুনানির পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪৯ ঘ.
bdnews24