২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ কর্মকর্তার দপ্তরের কাছেই গুলি করে ছিনতাই

রাজধানীতে গোয়েন্দাসহ উর্দ্ধতন পুলিশ কর্মকর্তার দপ্তর ও থানার কাছেই সোমবার দুপুরে গুলি করে ৬ লাখ টাকা ছিনতাই হয়েছে। ওই ছিনতাই ঘটনার অদূরেই ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়। আর রমনা থানা এর মাত্র শ'দেড়েক গজ দূরে। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2009, 01:48 PM

Updated : 26 Aug 2022, 11:48 AM

ঢাকা,জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে গোয়েন্দাসহ উর্দ্ধতন পুলিশ কর্মকর্তার দপ্তর ও থানার কাছেই সোমবার দুপুরে গুলি করে ৬ লাখ টাকা ছিনতাই হয়েছে। ওই ছিনতাই ঘটনার অদূরেই ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়। আর রমনা থানা এর মাত্র শ'দেড়েক গজ দূরে। ছিনতাইকারীরা মোটরসাইকেলে করে এসে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের গাড়িতে গুলি করে এর চালক ও এক কর্মচারিকে ভয় দেখিয়ে টাকার ব্যাগ নিয়ে দ্রুত চলে যায়। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবলী নোমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মিন্টো রোডের পূর্ব মাথায় বেলা সাড়ে ১২টার দিকে এই ছিনতাই হয়। তিনি জানান, বেনেভোলেন্ট টেক্সটাইল সার্ভিসেস নামের একটি প্রতিষ্ঠানের অফিস সহকারি আল আমিন একটি কভার্ড ভ্যান নিয়ে স্ট্যান্ডার্ড চার্টাড ব্যাংকের কাকরাইল শাখা থেকে ৪ লাখ ৭৫ হাজার টাকা ও মতিঝিল স্যোসাল ইসলামি ইনভেস্টমেন্ট ব্যাংক থেকে ১ লাখ ৫৭ হাজার টাকা তুলে প্রতিষ্ঠানের মগবাজার কার্যালয়ে ফিরছিলেন। আল আমিনের উদ্বৃতি দিয়ে শিবলী নোমান জানান, গাড়িটি মতিঝিল থেকে মৎস্যভবন মোড় হয়ে পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে পৌঁছলে সিগন্যালে পড়ে। এসময় মোটর সাইকেল আরোহী দুই যুবক তাদের গাড়ির সামনে এসে দাঁড়ায় এবং একজন নেমে গাড়ির সামনে পরপর দু'টি গুলি করে। একটি গুলি চালক বরাবর গাড়ির উইন্ডস্ক্রিন এবং একটি বাম্পারে লাগে। তবে গুলি কাঁচে চিড় ধরালেও তা ভেদ করেনি। ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অস্ত্রধারী যুবকটি গাড়ির আরোহীদের দিকে অস্ত্র তাক করে টাকার ব্যাগটি চায়। আল আমিন তার পাশে রাখা টাকার ব্যাগটি যুবকটির হাতে তুলে দিলে তারা দ্রুত মোটর সাইকেল নিয়ে উধাও হয়ে যায়। অফিস সহকারি এবং চালকের 'গাফিলতির' কারণেই এই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে মত দেন ভারপ্রাপ্ত কর্মকর্তা। তিনি বলেন, টাকার ব্যাগটি ভ্যানের ভেতরে রাখলে ছিনতাইকারীরা সহজে নিতে পারতোনা। ছিনতাইকারীদের সঙ্গে তাদের যোগসূত্র আছে কিনা তা-ও যাচাই করে দেখা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এলএইচ/এসকে/২৩৩২ঘ.