ফরিদপুর, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরহাজীগঞ্জ বাজার এলাকায় সোমবার সকালে পদ্মা নদীর তীর সংরক্ষণ বাঁধের ২০ মিটার অংশ ধসে গেছে। বাঁধে ভাঙনের কারণে বাজার এলাকাটি হুমকির মুখে পড়েছে।
ভাঙনস্থলে কংক্রিটের ব্লক ও বালুর বস্তা ফেলে বাঁধ রক্ষার চেষ্টা চলছে। তবে সেখানে নদীর গভীরা ৩৫ মিটারের বেশি হওয়ায় সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. রফিক উল্লাহ।
বাজারের ব্যবসায়ী ও বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. মুসলেম উদ্দিন খান জানান, বাঁধের এ অংশে কংক্রিটের ব্লক ও বালুর বস্তা ছিল। সকালে সেগুলো ধসে গেছে। ভাঙনে এখন পুরো বাজার হুমকির মুখে রয়েছে।
বাঁধ ধসে যাওয়ার পর চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রশীদ ও জেলা পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. রফিক উল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পাউবো কর্মকর্তা রফিক উল্লাহ জানান, বাঁধের ১৫০ মিটার অংশ সংস্কার ও পুননির্মাণ করা যায়নি। এখনও ৫০ মিটার অংশ ঝুঁকির মধ্যে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৫১ ঘ.
bdnews24