ঢাকা, জুলাই ২৭ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মন্ত্রিসভা 'জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা আইন-২০০৯' চুড়ান্ত অনুমোদন করেছে।
সচিবালয়ে প্রধান মন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার দুপুরে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এর আগে গত ৬ জুলাই মন্ত্রিসভা এই আইনটি নীতিগতভাবে অনুমোদন করে
বৈঠকের পর এক সংবাদ ব্রিফিঙে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ একথা জানান।
তিনি বলেন, ''জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে '৭৫ সালে হত্যার পর ২০০৪ সালের ২১ আগস্টসহ বিভিন্ন সময়ে বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের জীবন বিপন্ন হওয়ার পরিপ্রেক্ষিতে সরকার এই আইনটি করে তাদের নিরাপত্তা নিশ্চিতের ব্যবস্থা করেছে।
"এই আইনের আওতায় বঙ্গবন্ধুর দুই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানাসহ তাদের সন্তান-সন্ততিরা বিশেষ নিরাপত্তা পাবেন। তাদেরকে সুরক্ষিত বাসভবনসহ এসএসএফ নিরাপত্তা সুবিধা দেওয়া হবে আজীবন।"
প্রেস সচিব জানান, আইনটিতে জাতির জনকের পরিবারের সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে। এতে জাতির জনকের দুই কন্যা ও তাদের সন্তান-সন্ততির কথা উল্লেখ করা হয়েছে।
সংসদে পাস হওয়ার আগ পর্যন্ত সরকারের নির্বাহী আদেশে আইনটি কার্যকর হবে।
মন্ত্রিসভা কোর্ট অব ক্রিমিনাল প্রসিডিউর-১৮৯৮ সংশোধন আইনটি আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য আইন মন্ত্রণালয়ে ফেরত পাঠিয়েছে।
এছাড়া প্রশাসনিক ট্রাইব্যুনাল (সংশোধন) আইন-২০০৯ মন্ত্রিসভার বৈঠকে নীতিগত অনুমোদন দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসএম/এইচএ/১৫৪০ ঘ.
bdnews24