ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বহুল আলোচিত জজ মিয়া অবশেষে মুক্তি পেয়েছেন। রোববার দুপুরে গাজীপুরের কাশিমপুর-১ কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পান।
কারাধ্যক্ষ আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জজ মিয়া সুত্রাপুর থানার একটি মামলায় সাত বছরের দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। হাইকোর্ট তাকে ঐ মামলায় জামিন দিয়েছেন। জামিনের কাগজপত্র আমাদের কাছে পৌঁছানোর পর রোববার দুপুর দেড়টায় তাকে মুক্তি দেয়া হয়। এর আগে তিনি ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকে অব্যাহতি পান।"
২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রনেড হামলার মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বিগত চারদলীয় জোট সরকারের নির্দেশে সিআইডি জজ মিয়াকে নিয়ে নাটক সাজানোর চেষ্টা করে।
সিআইডি ২০০৫ সালের ৯ জুন নোয়াখালীর সেনবাগ উপজেলার বিরকোট গ্রাম থেকে জজ মিয়াকে গ্রেপ্তার করে। ঢাকায় মালিবাগ সিআইডি দপ্তরে নেওয়ার পর সিআইডির তিন কর্মকর্তা তাকে ক্রসফায়ারের ভয় দেখায়। শেষ পর্যন্ত জজ মিয়া ২০০৫ সালের ২৬ জুন সাজানো জবানবন্দি দিতে বাধ্য হন। ওই দিন ঢাকার মহানগর হাকিম আদালতে জজ মিয়ার এ জবানবন্দি নথিভুক্ত হয়।
অভিযোগ রয়েছে, জজ মিয়াকে রাজসাক্ষী করার আশ্বাস দিয়ে এ জবানবন্দি আদায় করে সিআইডি। এজন্য তার পরিবারকে মাসিক খরচের টাকাও দিত সিআইডি।
এ ঘটনায় সিআইডির ওই তিন কর্মকর্তার বিরুদ্ধে পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এইচএ/১১১৮ ঘ.
bdnews24