২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদীয় প্রতিনিধি দল টিপাইমুখ পরিদর্শনে যাচ্ছে বুধবার

১১ সদস্যের সংসদীয় প্রতিনিধি দল বুধবার ভারতের প্রস্তাবিত টিপাইমুখ বাঁধ এলাকা পরিদর্শনে যাচ্ছে। রোববার জাতীয় সংসদ ভবনে পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2009, 06:08 PM

Updated : 26 Aug 2022, 11:48 AM

ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১১ সদস্যের সংসদীয় প্রতিনিধি দল বুধবার ভারতের প্রস্তাবিত টিপাইমুখ বাঁধ এলাকা পরিদর্শনে যাচ্ছে। রোববার জাতীয় সংসদ ভবনে পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। তিনি বলেন, "এ প্রকল্প বাস্তবায়ন হলে বাংলাদেশের ওপর ক্ষতিকর কী কী প্রভাব পড়তে পারে সে সম্পর্কিত তথ্য-উপাত্ত আমরা সফরকালে সংগ্রহ করার চেষ্টা করবো। এছাড়া ভারতের পররাষ্ট্র ও জ্বালানি মন্ত্রীর সঙ্গে দেখা করে প্রকল্পের বিষয়ে বাংলাদেশের উদ্বেগের কথাও তুলে ধরবো।" ১১ সদস্যের ওই প্রতিনিধি দলে নেতৃত্ব দেবেন আব্দুর রাজ্জাক নিজেই। সাবেক এই পানি সম্পদ মন্ত্রী আরো বলেন, "বিগত বিভিন্ন সময়ে যৌথ নদী কমিশনের বৈঠকের কার্যবিবরণী পর্যালোচনা করে আমি এ প্রকল্প সম্পর্কে বিভিন্ন তথ্য জেনেছি।" তবে প্রধান বিরোধী দল বিএনপি'র সাংসদরা থাকলে প্রতিনিধি দলটি আরো শক্তিশালী হতো বলে অভিমত দেন তিনি। এছাড়া চারদলীয় জোটের শরিক দল জামায়াতে ইসলামীর সাংসদ হামিদুর রহমান আজাদ প্রতিনিধি দলের সঙ্গে যাচ্ছেন বলে তিনি জানান। সর্বশেষ স্বতন্ত্র সাংসদ ফজলুল আযীম যুক্ত হওয়ায় প্রতিনিধি দলের সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ১১- এ। আব্দুর রাজ্জাক জানান, সফরসূচি অনুযায়ী তারা আগামী ২৯ জুলাই দিল্লির উদ্দেশে রওয়ানা দেবেন। পাঁচদিনের এ সফরের প্রথম দিন তারা ভারতের পররাষ্ট্র ও জ্বালানি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। ৩০ জুলাই তারা গৌহাটি যাবেন। পরে হেলিকপ্টারে টিপাইমুখ বাঁধ এলাকা পরিদর্শন করবেন। এছাড়া তারা ভারতের পররাষ্ট্র ও জ্বালানি মন্ত্রীর সঙ্গে দেখা করবেন বলেও জানান তিনি। আব্দুর রাজ্জাক আরো জানান, দেশে ফিরে তারা পানিসম্পদ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে একটি প্রতিবেদন জমা দেবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/এইচএ/২৩৫০ ঘ.