২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ ট্রাক অস্ত্র: বিসিআইসির সাবেক চেয়ারম্যান ইমামুজ্জামানকে জিজ্ঞাসাবাদ

বাংলাদেশ কেমিকেল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর ইমামুজ্জামানকে ১০ ট্রাক অস্ত্র আটক মামলায় জিজ্ঞাসাবাদ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2009, 06:15 PM

Updated : 26 Aug 2022, 11:48 AM

ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ কেমিকেল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর ইমামুজ্জামানকে ১০ ট্রাক অস্ত্র আটক মামলায় জিজ্ঞাসাবাদ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রোববার সকাল ১১টায় ইমামুজ্জামানকে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিনিয়র সুপারিনটেনডেন্ট মনিরুজ্জামান চৌধুরীর নেতৃত্বে একটি দল দামপাড়ার কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। সন্ধ্যা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান সিআইডির চট্টগ্রাম অঞ্চলের বিশেষ সুপারিনটেনডেন্ট মোহাম্মদ মুসলিম। তবে ইমামুজ্জামানকে কী কী বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তা জানাতে অস্বীকৃতি জানিয়ে মোহাম্মদ মুসলিম বলেন, তাকে প্রয়োজনে আবার ডাকা হতে পারে। কিছুদিন আগে সিআইডির পক্ষ থেকে সাবেক কয়েকজন সরকারী কর্মকর্তাকে সিআইডি কার্যালয়ে হাজির হওয়ার জন্য নোটিশ দেওয়া হয়। এ মামলায় গ্রেপ্তার সিইউএফএল-এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক মহসিন তালুকদার এর আগে জিজ্ঞাসাবাদে জানান, ২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে সিইউএফএল জেটি ঘাটে অস্ত্র খালাসের বিষয়টি সাবেক বিসিআইসি চেয়ারম্যান জানতেন। সিইউএফএল বিসিআইসির অধীন একটি প্রতিষ্ঠান। একই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাবেক শিল্প সচিব নুরুল আমীন এবং দুই পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহেল বাকী ও মাহমুদুর রহমানকেও নোটিশ পাঠানো হয়েছে। কিন্তু তারা এখনো হাজির হননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএনএস/এইচএ/২৩৫৬ঘ.