২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিক্ষোভের মুখে সিলেটে পুলিশ কর্মকর্তা বরখাস্ত

হয়রানি ও চাঁদাবাজির অভিযোগ এনে সিলেট নগরীর আম্বরখানা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে রোববার বিক্ষোভ করেছে স্থানীয় জনতা। বিক্ষোভের মুখে ওই পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার ইসরাইল হাওলাদার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2009, 04:15 PM

Updated : 26 Aug 2022, 11:48 AM

সিলেট, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হয়রানি ও চাঁদাবাজির অভিযোগ এনে সিলেট নগরীর আম্বরখানা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে রোববার বিক্ষোভ করেছে স্থানীয় জনতা। বিক্ষোভের মুখে ওই পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার ইসরাইল হাওলাদার। এ পুলিশ কর্মকর্তা হলেন- উপ-পরিদর্শক আবু শীষ। নগরীর মজুমদারী এলাকার লোকজন বিকেল ৬ টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত আম্বরখানা-এয়ারপোর্ট সড়ক অবরোধ করে এবং টায়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ করে। এ সময় সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় আশপাশে সড়কগুলোতে যানজট লেগে যায়। প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা জানান, আম্বরখানা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই আবু শীষকে অপসারণের দাবিতে মজুমদারী আবাসিক এলাকার লোকজন এক জোট হয়ে বিকেলে ফাঁড়ির সামনে সমাবেশ করে। সমাবেশে এলাকাবাসী অভিযোগ করেন আবু শীষ লোকজনকে হয়রানি এবং চাঁদাবাজি করে চলেছেন। তার অপকর্মের কারণে এলাকার লোকজন অতিষ্ঠ। পরে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। খবর পেয়ে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান ও কয়েকজন ওয়ার্ড কাউন্সিলর ও কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান ঘটনাস্থলে ছুটে যান। মেয়র কামরানের মধ্যস্থতায় বিক্ষোভকারীরা অবরোধ তুলে নিয়ে সাড়ে ৭টার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২২৮ ঘ.