বাগেরহাট, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুন্দরবনের বলেশ্বর নদীর মাঝের চর এলাকা থেকে চল্লিশ কেজি হরিণের মাংস ও দু'টি হরিণের চামড়া উদ্ধার করা হয়েছে।
শনিবার রাতে সুন্দরবন পূর্ব বিভাগের বনরক্ষীরা অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করে।
সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক বিপুল কুমার দাস জানান, গোপন সংবাদ পেয়ে বগি স্টেশন ও জ্ঞানপাড়া টহল ফাঁড়ির বনরক্ষীরা এ অভিযান চালায়।
তাদের দেখে চার চোরা শিকারি পালিয়ে যায়। ওই চারজনের বিরুদ্ধে বন আইনে একটি মামলা হয়েছে বলে বন কর্মকর্তা জানান।
আসামিরা হলেন- বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী গ্রামের মোতালেব বিশ্বাস (৫১), সোবহান বিশ্বাস (৫২), শাজাহান বিশ্বাস (৫২) ও ইউনুস হাওলাদার (৫০)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৫৬ ঘ.
bdnews24