বাগেরহাট, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হয়রানি ও ঘুষ গ্রহণের অভিযোগে বাগেরহাটে এক উপ-পরিদর্শকসহ চার পুলিশ সদস্যকে রোববার সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এরা হলেন- শরণখোলা থানার ধানসাগর ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক জিল্লুর রহমান, হাবিলদার মফিজুর রহমান, কনস্টেবল একরামুজ্জামান ও কনস্টেবল জাহিদ হোসেন।
বাগেরহাটের পুলিশ সুপারিনটেনডেন্ট মো. আওলাদ আলী ফকির জানান, বিভিন্ন ব্যক্তির কাছ থেকে পাওয়া অভিযোগ শনিবার রাতে বাগেরহাটের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট মো. আব্দুল হান্নান তদন্ত করেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় ওই চার পুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়।
তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন জানান, বিভিন্নজনের পাওয়া অভিযোগের ভিত্তিতে শনিবার সকালে পুলিশ তাদের সঙ্গে যোগাযোগ করে সন্ধ্যায় শরণখোলা থানায় আসতে বলে। সন্ধ্যায় এদের মধ্যে ১২জন থানায় এসে সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট মো. আব্দুল হান্নানের কাছে অভিযুক্তদের সামনে হয়রানির বিবরণ দেয়।
বরখাস্ত চার পুলিশকে ফাঁড়ি থেকে প্রত্যাহার করে বাগেরহাট পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলেও জানান তিনি।
শরণখোলার উত্তর রাজাপুর গ্রামের চিংড়ি ব্যবসায়ী রুহুল আমিন জানান, ধানসাগর জিল্লুর রহমান তাকে ও অপর তিনজনকে বিনা কারণে ৬০ হাজার চিংড়ি পোনাসহ গত ১০ জুলাই আটক করে রাখে। পরে তারা দুই হাজার টাকা ঘুষ দিয়ে ছাড়া পান।
একই গ্রামের মোজাম্মেল হোসেন জানান, গত সপ্তাহে সুন্দরবন থেকে গোলপাতা কেটে ফেরার সময় ওই পুলিশ সদস্যরা তাকেসহ তিনজনকে বিনা কারণে আটক করে এক হাজার দুই শ' টাকা ঘুষ নিয়ে ছেড়ে দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৩২ ঘ.
bdnews24