২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে বাণিজ্য মেলায় র‌্যাফেল ড্র নিয়ে সংঘর্ষে আহত ৩০

ঠাকুরগাঁও স্টেডিয়ামে আয়োজিত বাণিজ্য মেলায় র‌্যাফেল ড্র নিয়ে শনিবার রাতে জনতা-পুলিশ সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহত ৩০ জনের মধ্যে ১২ জন পুলিশও রয়েছে। এর মধ্যে ১২ জনকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তবে আহতদের নাম জানা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2009, 03:25 PM

Updated : 26 Aug 2022, 11:48 AM

ঠাকুরগাঁও, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঠাকুরগাঁও স্টেডিয়ামে আয়োজিত বাণিজ্য মেলায় র‌্যাফেল ড্র নিয়ে শনিবার রাতে জনতা-পুলিশ সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহত ৩০ জনের মধ্যে ১২ জন পুলিশও রয়েছে। এর মধ্যে ১২ জনকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তবে আহতদের নাম জানা যায়নি। বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ পাঁচ রাউন্ড কাঁদানে গ্যাস ও ১৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। ঘটনাস্থল থেকে পুলিশ ১৪ জনকে গ্রেপ্তার করে। এরা হলেন- আবু হোসেন (২৫), মিঠু (২৪), ফুল বাবু (২২) শামীম (১৯), সাজ্জাদ (১৯), বিলাস (২০), হাসান (২২), সুহেল রানা (১৯), রিপন সরকার (২৫), আনোয়ার হোসেন (২৯), এরশাদ (২১), রাম কৃষ্ণ (১৯), যতিশ চন্দ্র (১৯) ও শহিদুল (২৭)। সরকারি কাজে বাধা দেওয়ায় গ্রেপ্তার ১৪ জনসহ অজ্ঞাতনামা ৬০০ জনের বিরুদ্ধে ঠাকুরগাঁও থানায় একটি মামলা হয়েছে বলে ঠাকুরগাঁও সদর থানার ওসি রবিউল আলম জানান। ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এ বাণিজ্য মেলা গত ৯ জুন থেকে শুরু হয়। ওসি রবিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাণিজ্য মেলায় জুয়া, অশ্লীল নৃত্য এবং হাউজি খেলা চালানোর অভিযোগে শনিবার দুপুরে জেলা প্রশাসক চেম্বারের সভাপতিকে মেলা বন্ধ করার জন্য চিঠি দেন। কিন্তু মেলার আয়োজকরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত র‌্যাফেল ড্র'র টিকিট বিক্রি করে। সন্ধ্যা থেকে মেলায় ভিড় বাড়তে থাকে। সন্ধ্যার পর ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে শতাধিক পুলিশ ঘটনাস্থলে যায়। ওসি বলেন, র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হবে না এমন আশঙ্কায় রাত সাড়ে ৯টার দিকে উত্তেজিত লোকজন ড্র এর পুরস্কার লুট করে। তারা মেলার অফিস এবং দুইটি দোকানের আসবাবপত্রসহ লক্ষাধিক টাকার মালামালও লুট করে। তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করলে জনতার সঙ্গে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষের কারণে রাত সাড়ে ৯টা থেকে দু'ঘণ্টারও অধিক সময় পঞ্চগড়-ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। রাত ১২টা পর্যন্ত দুই ঘণ্টারও বেশি সময় সংঘর্ষ চলে। জেলা প্রশাসক মুনশী শাহাবুদ্দীন আহমেদ জানান, অশ্লীল নৃত্য ও জুয়া-হাউজির বিষয়টি শুনে মেলা বন্ধ করার জন্য শনিবার দুপুরে চিঠি দেওয়া হয়েছিল। রাতের ঘটনা অনাকাঙ্খিত। মেলা বন্ধ করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পুলিশ সুপারিনটেনডেন্ট বিএম হারুন অর রশীদ বলেন, "জেলা প্রশাসকের সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ হয়েছে।" চেম্বার সভাপতি ওসমান গণি জানান, কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ঠাকুরগাঁও চেম্বার ৯ জুন থেকে এক মাসের জন্য মেলার আয়োজন করে। এরপর আরও ২২ দিন সময় বাড়ানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/এমএসবি/২১২৭ ঘ.