ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাকরি ফিরে পেতে আন্দোলনরত বিমানকর্মীরা তাদের অবস্থান কর্মসূচি স্থগিত করেছে।
রোববার সকাল থেকে বলাকা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনের পর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শেষে বিকালে তারা কর্মসূচি ১০ দিন স্থগিতের ঘোষণা দেয়।
'বিমানে স্বেচ্ছা অবসরে যাওয়া কর্মকর্তা-কর্মচারী পুনর্বহাল কমিটির' আহ্বায়ক কে এম শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগামী ১০ দিনের মধ্যে আমাদের পুনর্বহালের বিষয়ে কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে। তাই কর্মসূচি স্থগিত করা হয়েছে।"
গত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে স্বেচ্ছা অবসরে যাওয়া বিমানকর্মীরা চাকরিতে ফেরার দাবিতে সকাল ৯টা থেকেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সদর দপ্তর বলাকা ভবনের সামনে জড়ো হতে থাকে। কয়েকশ কর্মী প্যান্ডেল টানিয়ে অবস্থান নেয় সেখানে।
দুপুরের পর বিমানের মহাপরিচালক জাকিউল ইসলামের সঙ্গে বৈঠকে বসে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল। এরপরই কর্মসূচি স্থগিতের ঘোষণা আসে।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাকিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি কী সিদ্ধান্ত নেয়, তা তাদের (আন্দোলনরত) ১০ দিনের মধ্যে জানানো হবে। এসময়ে তাদের সঙ্গেও কথা বলবে কমিটি।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের জুলাই মাসে বিমানকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করা হয়। ওই মাসেই 'গোল্ডেন হ্যান্ডশেকের' মাধ্যমে ১ হাজার ৮৬৩ জন কর্মকর্তা-কর্মচারীকে স্বেচ্ছা অবসরে পাঠানো হয়। কর্মচারীদের অভিযোগ, 'জোর' করেই তাদের অবসরে পাঠানো হয়েছে।
তত্ত্বাবধায়ক সরকার বিদায় নেওয়ার পর স্বেচ্ছা অবসরে যাওয়া বিমানকর্মীদের অনেকে চাকরি ফিরে পেতে হাইকোর্টে ৫৩০টি রিট আবেদন দায়ের করেন। আদালতের আদেশ পেয়ে অনেকে চাকরিতে পুনর্বহালও হয়েছেন।
কর্মীদের ফিরিয়ে নিতে কর্তৃপক্ষের নীতিগতভাবে কোনও আপত্তি নেই বলে শনিবার জানিয়েছেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জামালউদ্দিন আহমেদ। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে একটি কমিটিও করা হয়েছে।
জামালউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চাইলেই তো আর স্বেচ্ছা অবসরে যাওয়াদের ফিরিয়ে নেওয়া যায় না। এদের ফিরিয়ে নিতে হলে সরকারের অনুমোদন লাগবে। এরা অবসরে যাওয়ার সময় এককালীন যে অর্থ নিয়ে গিয়েছিল, তা তারা ফিরিয়ে দেবে কি না, এসব বিষয়ে সিদ্ধান্ত দিতে হবে।"
আন্দোলনকারীদের নেতা শাহ আলম অবশ্য বলেছেন, চাকরিতে ফেরার বিনিময়ে অবসরে যাওয়ার সময় পাওয়া অর্থ ফিরিয়ে দিতে তারা রাজি।
চাকরি পুনর্বহালের দাবিতে এর আগে গত ১৯ জুলাই বলাকার সামনে প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করে আন্দোলনকারী বিমানকর্মীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১৮০৩ ঘ.
bdnews24