ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহী ফুটবলারের ব্যাপারে কোন সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি।
কোচের সঙ্গে মতান্তরের জেরে বিকেএসপির আবাসিক ক্যাম্পে অনুশীলন বর্জন করেন জাতীয় দলের আট ফুটবলার।
বৃহস্পতিবার অনুশীলনের সময় নির্দেশ না মানায় ব্রাজিলীয় কোচ ডিডো ডিফেন্ডার রজনীকান্ত বর্মণকে মাঠ থেকে চলে যেতে বলেন। ঐ সময়ই মাঠ ছেড়ে যান রজনী সহ আট ফুটবলার। পরের দিন শুক্রবার সকালেও তাদের কেউই মাঠে যাননি।
প্র্যাকটিস বর্জনকারী ওই ফুটবলাররা হলেন রজনী, ওয়ালী ফয়সাল, আরিফ হোসেন, জাহেদ পারভেজ, সৈকত, আরমান আজিজ, জাহিদ হোসেন ও জাহিদ হোসেন এমেলী।
তবে ক্যাম্পে থাকা ৩১ জনের মধ্যে বাকিরা অনুশীলন করেছেন।
অনুশীলন বর্জন করায় এই আট ফুটবলারকে জাতীয় দলের জন্য আর প্রয়োজন মনে করছেন না কোচ ডিডো।
যদিও 'গ্রহণযোগ্য' সমাধানের লক্ষ্যে শনিবার বিকেলে জরুরি বৈঠকে বসে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি।
কোচ এবং বিদ্রোহী ফুটবলারদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেও শেষপর্যন্ত কোন সামাধানে আসতে পারেননি কর্মকর্তারা।
এদিকে নিজেদের ভুল বুঝতে পেরে ফুটবলাররা ক্ষমা চাইলেও রাগ কমেনি ডিডোর।
আপাদত দুই দিনের জন্য ক্যাম্প বন্ধ ঘোষণা করেছেন ব্রাজিলীয় এই কোচ। এর পরই সিদ্ধান্ত জানাবেন তিনি।
জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভাপতি বাদল রায় বলেন,"বাংলাদেশের প্রেক্ষাপটে এটা বড় কোন অপরাধ নয়। আমরা চাই কোচ এবং ফুটবলারদের মাধ্যমেই সমস্যার সমাধান হোক।"
অনুশীলন বর্জনের কারণ খুঁজে পাচ্ছেন না আর্জেন্টাইন ট্রেনার এরিয়ার কোলম্যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন,"খেলোয়াড়দের আগেই বলে নেয়া হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে ভাল করতে হলে কঠোর অনুশীলন হবে। ডিডোও সেভাবেই প্র্যাকটিস করাচ্ছেন। এতে ঝামেলার কিছু নেই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসকে/২৩৫৫ঘ.
bdnews24