২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যথাযথ পদ্ধতি না মানলে ওষুধ কোম্পানি বন্ধ করে দেবো: স্বাস্থ্যমন্ত্রী

ভেজাল প্যারাসিটামল সিরাপ সেবনে শিশুমৃত্যুর ঘটনার প্রেক্ষাপটে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আ ফ ম রুহুল হক বলেছেন, ওষুধের মানের প্রশ্নে কোনো আপোষ করা হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2009, 02:56 PM

Updated : 26 Aug 2022, 11:48 AM

ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভেজাল প্যারাসিটামল সিরাপ সেবনে শিশুমৃত্যুর ঘটনার প্রেক্ষাপটে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আ ফ ম রুহুল হক বলেছেন, ওষুধের মানের প্রশ্নে কোনো আপোষ করা হবে না। তবে খাদ্য এমনকি ওষুধে ভেজাল ও বিষাক্ত উপাদানের ব্যবহারের সর্বব্যাপিতার উল্লেখ করে তিনি বলেছেন, শুধু আইন করে এসব নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। আইন প্রয়োগের পাশাপাশি মানুষের বিবেককে জাগিয়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করেন মন্ত্রী। রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে রুহুল হক এসব বলেন। ওষুধ ব্যবসায়ীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, "মান নিয়ন্ত্রণে যথাযথ পদ্ধতি অনুসরণ করা না হলে সংশ্লিষ্ট ওষুধ কোম্পানি বন্ধ করে দেওয়া হবে। "আমাদের খাবারে ভেজাল, ওষুধে বিষ। এটি তো আর আইন করে পুরোপুরি বন্ধ করা যাবে না। আইন প্রয়োগের পাশাপাশি মানুষের বিবেবকে জাগিয়ে তুলতে হবে।" একই সঙ্গে ওষুধের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানকে শক্তিশালী করা হবে বলেও জানান তিনি। ভেজাল ওষুধ খেয়ে শিশু মৃত্যুর ঘটনার পর ওষুধ কারখানাগুলো পরিদর্শন করা হচ্ছে জানিয়ে আ ফ ম রুহুল হক আরো বলেন, "ওষুধের মানের প্রশ্নে কোনো আপস করা হবে না।" দেশে ২৫৮টি লাইসেন্সপ্রাপ্ত ওষুধ কোম্পানি রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন," সব কোম্পানিকে পরীক্ষা করে দেখা হবে। যারা ন্যূনতম মান বজায় রেখে ওষুধ তৈরি করছে না, সেগুলো বন্ধ করে দেওয়া হবে। কারো প্রতি দুর্বলতা দেখানো হবে না।" কমদামি কাঁচামালে ওষুধ তৈরি করায় ওই মৃত্যুর ঘটনা ঘটেছে বলে মনে করেন তিনি। মাঠ পর্যায়ে হাসপাতালগুলোতে অসুস্থ শিশুদের খোঁজ নেওয়া হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, "ওষুধের নমুনা গোপনে বিভিন্ন স্থানে পরীক্ষা করা হচ্ছে। প্রতিবেদন হাতে পাওয়ার আগে বিস্তারিত বলা যাবে না। তবে ডাই ইথিলিন গ্লাইকল খেলে অসুস্থ হয় তা আমরা জানি।" রুহুল হক জানান, যে কোম্পানিটির নাম আলোচনায় আসছে তাদের সিরাপ তৈরির অনুমোদন ছিল না। তাদেরকে সাসপেনশন তৈরির অনুমোদন দেওয়া হয়েছিল। শিশুরা যা খেয়ে অসুস্থ হচ্ছে তা কী সিরাপ না সাসপেনসন তা নিয়ে প্রচারমাধ্যমের খবরে কিছু বিভ্রান্তি দেখা দিয়েছে। নিজে চিকিৎসক স্বাস্থ্যমন্ত্রী প্যারাসিটামলের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, "প্যারাসিটামলের কোনো সমস্যা নেই। তবে যদি ডাই ইথিলিন গ্লাইকল মিশানো হয় তাহলে শিশু অসুস্থ হয়ে পড়ে।" রুহুল হক জানান, প্যারাসিটামল তৈরিতে প্রোপাইলিন গ্লাইকল দরকার। এটির দাম ১৭০০-১৮০০ টাকা। আর ডাই ইথিলিন গ্লাইকলের দাম ১০০-১৫০ টাকা। ওষুধ প্রশাসনকে শক্তিশালী করার ইচ্ছার কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, "আমরা ওষুধ প্রশাসনকে শক্তিশালী করতে চাচ্ছি। সারা দেশে যারা ওষুধ বানায় তাদের প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই ওই কোম্পানি বন্ধ করে দেওয়া হয়েছে।" ড্রাগ টেস্টিং ল্যাবরেটরির দুর্বলতার কথা স্বীকার করে এটি শক্তিশালী করা হবে বলেও জানান তিনি। ভেজাল ওষুধ সেবনে কতজনের মৃত্যু হয়েছে- জানতে চাওয়া হলে সঠিক পরিসংখ্যান না থাকার কথা জানিয়ে মন্ত্রী বলেন, "ডায়রিয়ার কারণেও অনেকের কিডনি বিকল হয়ে যেতে পারে।" এক প্রশ্নের জবাবে ওষুধ প্রশাসনের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল হোসেন বলেন, "আমরা সবাই এর জন্য দায়ী। আমাদের দায়িত্ব নিয়ন্ত্রণ করা। প্রতিটি ওষুধ কোম্পানির কাজ নিজস্ব উপায়ে মান নিয়ন্ত্রণ করা।" তিনি বলেন, "আমাদের দায়িত্ব খারাপ ওষুধ যেন বাজারে না আসে তা দেখা। আমাদের যতগুলো কোম্পানি আছে এর বিপরীতে আমাদের ন্যাশনাল ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি দুর্বল, জনবলের অভাব আছে। তবে অভাব থাকলেও আমাদের কাজ করতে হবে।" ইসমাইল হোসেন দাবি করেন, "এটি কিন্তু একটি আন্তঃমন্ত্রণালয়ের বিষয়। শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব থাকে। মিটফোর্ডে যে কাঁচামাল বিক্রি হয় তার মান নিয়ন্ত্রণের দায়িত্ব শুধু ওষুধ প্রশাসনের নয়। বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে এসব কাঁচামাল আসে। বাণিজ্য মন্ত্রণালয়কে দেখতে হবে তারা এ কাঁচামাল আমদানি করতে পারে কিনা।" মিটফোর্ডে আসা কাঁচামাল মানসম্পন্ন নয় বলেও মন্তব্য করেন তিনি। সারাদেশে ওষুধ কারখানাগুলো পরিদর্শনের সিদ্ধান্ত নিয়ে গত ২৩ জুলাই চার সদস্যের কমিটি গঠন করে স্বাস্থ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি। এর আগেও ১৯৯২ সালে প্যারাসিটামল সিরাপ সেবনে বেশ কয়েকটি শিশুর মৃত্যু হয়েছিল। তখন পাঁচটি ওষুধ কোম্পানিকে এজন্য দায়ী করা হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এএল/এসকে/২০৫৯ঘ.