ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপাচার্যসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির পদ্ধতি নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।
শনিবার শিক্ষা মন্ত্রণালয়ে এইচএসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এইচএসসির ফল প্রকাশের পর থেকেই শুরু হয় বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির নতুন যুদ্ধ। সেইসঙ্গে ভর্তির পদ্ধতি, আসন সঙ্কটসহ নানা বিষয় নিয়ে অভিভাবক ও উত্তীর্ণরা উদ্বেগের মধ্যে পড়ে।
এ বিষয়ে জানতে চাওয়া হলে নূরুল ইসলাম নাহিদ বলেন, "কলেজে ভর্তির সময় অধ্যক্ষদের সঙ্গে আলোচনা করে ভর্তির নীতিমালা ঠিক করা হয়েছিল। এবারও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে ভর্তির কাজ ঠিক করা হবে।"
প্রতিবছরই বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু পর্যন্ত যে সময় নষ্ট হয় উপাচার্যদের সঙ্গে আলোচনা করে তা কমিয়ে আনার ব্যবস্থা করা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এএল/এসকে/২১১২ঘ.
bdnews24