নারায়ণগঞ্জ, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় সংসদ নির্বাচনের যেসব প্রার্থী এখনও আর্থিক ব্যয়ের হিসাব জমা দেননি তাদের বিরুদ্ধে শিগগিরই মামলা হবে। এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।
শনিবার দুপুরে নারায়ণগঞ্জের জেলা পরিষদের ডাক বাংলোয় স্থানীয় প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
চলতি মাসে ঢাকার ১৯ প্রার্থীর বিরুদ্ধে এ ধরনের মামলা হয়েছে।
২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনের আর্থিক ব্যয়ের হিসাব জমা দেওয়ার সর্ব শেষ সময় ছিল ৩১ জানুয়ারি। সময়সীমা শেষ হওয়ার ছয়মাসের মধ্যে মামলা করার নিয়ম রয়েছে। সে হিসাবে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ৩১ জুলাই পর্যন্ত মামলা করতে পারবেন।
মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার সাখাওয়াত বলেন, "সংসদে বিল পাস না হওয়ায় এ বছরের মধ্যে সিটি কর্পোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন করা সম্ভব হচ্ছে না।"
তিনি বলেন, "আইন তো আমরা পাস করি না। আইন পাস করে সংসদ। এ অধিবেশনে আইনটা পাস হয়নি। সংসদের আগামী অধিবেশনে আইন পাস হলেও আমার মনে হয় না এ বছর নির্বাচন করতে পারবো।"
তিনি জানান, আইন করলেও তো হবে না। নির্বাচনী আচরনবিধি তৈরি করতে হবে। এসব করে এ বছর ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচন করা সম্ভব হবে না।
স্থায়ী গঠনতন্ত্র জমা দেওয়ার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, "বিএনপিসহ যেসব রাজনৈতিক দল ২৫ জুলাইয়ের মধ্যে কাউন্সিল করতে পারেনি তাদের ছয় মাস সময় দেওয়ার জন্য সরকারের কাছে সুপারিশ করেছে নির্বাচন কমিশন। আমরা আশা করবো নির্বাচন কমিশন যেহেতু প্রস্তাব দিয়েছে এটা হবে।"
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক আমিনুল্লাহ নুরী, জেলা নির্বাচন কর্মকর্তা আবুল কাশেম, বিকেএমইএ সভাপতি ফজলুল হক, অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, সোনারগাঁও উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন প্রমুখ।
সভা শেষে নিবার্চন কমিশনার নারায়ণগঞ্জ হাইস্কুলে স্থাপিত ভোটার তালিকা হালনাগাদকরণ ক্যাম্পে ছবি তোলা কার্যক্রম পরিদর্শন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১১ ঘ.
bdnews24