ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণের হার প্রায় শতভাগ নিয়েও অল্পের জন্য সেরা দশ থেকে ছিটকে পড়েনি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। জিপিএ-৫ পাওয়ার দিক থেকে সেরা দশ কলেজের মধ্যে দশম স্থান পেয়েছে এ কলেজটি। উত্তীর্ণের হার ৯৯ দশমিক ৩৫ শতাংশ।
শিক্ষার্থীদের এ ফলেই খুশি কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান খান বললেন, "আমরা আছি এবং এগুচ্ছি।"
অধ্যক্ষ জানান, কলেজের মোট ৪৬০ জন ছাত্রের মধ্যে ২১৭ জন জিপিএ- ৫ পেয়েছে। ব্যবসায় শিক্ষা ও মানবিকের ছাত্ররা শতভাগ পাস করলেও বিজ্ঞানের ৩ জন ছাত্র পাস করেনি। কলেজের মোট পাসের হার ৯৯ দশমিক ৩৫ শতাংশ।
দু'জন ছাত্র অসুস্থতার কারণে এবং একজন অনিয়মিত ছাত্র পাস করেনি বলে জানান তিনি।
কলেজে পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে ছাত্রদের উৎসাহিত করা হয় জানিয়ে অধ্যক্ষ কামরুজ্জামান বলেন, "আমাদের কলেজে শিক্ষার্থীদের পরিপূর্ণ মানুষ বানানোর ওপর জোর দেওয়া হয়। প্রতিবছর এ প্রতিষ্ঠানের স্কুল ও কলেজের ছাত্ররা ঢাকা জেলা, বিভাগ ও সারা দেশের ছাত্র-ছাত্রীদের মধ্যে সহশিক্ষা কার্যক্রমে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে চলেছে।"
শনিবার মাদ্রাসা, কারিগরি ও সাধারণ শিক্ষা বোর্ড মিলিয়ে ১০ বোর্ডের পরীক্ষার ফল একযোগে প্রকাশ করা হয়। চলতি বছরের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭০ দশমিক ৪৩ শতাংশ এবং কারিগরি ও মাদ্রাসাসহ ১০ বোর্ডে পাসের হার ৭২ দশমিক ৭৮ শতাংশ। ১০ বোর্ডের মধ্যে মাদ্রাসা বোর্ডে উত্তীর্ণের হার সবচেয়ে বেশি হলেও সাধারণ শিক্ষা বোর্ডে ৭৮ দশমিক ৭৭ শতাংশ পাস নিয়ে শীর্ষে রয়েছে যশোর বোর্ড। ঢাকা বোর্ডে উত্তীর্ণের হার ৭১ দশমিক ৫৩ শতাংশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএল/এসকে/
bdnews24