ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবারো জিপিএ-৫ ও উত্তীর্ণের হারের দিক দিয়ে মেয়েদের চেয়ে ছেলেরা ভালো করেছে।
মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র উত্তীর্ণের হার ৭৩ দশমিক ৬৪ হলেও ছাত্রীদের ক্ষেত্রে এটি কিছুটা কম, ৭১ দশমিক ৭৩ শতাংশ। এছাড়া ১০ বোর্ডের সমন্বিত হিসেবে ছেলেরাই জিপিএ-৫ বেশি পেয়েছে। ছাত্রদের ক্ষেত্রে এ সংখ্যা ১২ হাজার ৮৮ জন এবং ছাত্রী আট হাজার ৪৮ জন। বোর্ড অনুযায়ী ফলাফল বিশ্লেষণেও জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রের সংখ্যাই বেশি।
শনিবার মাদ্রাসা, কারিগরি ও সাধারণ শিক্ষা বোর্ড মিলিয়ে ১০ বোর্ডের পরীক্ষার ফল একযোগে প্রকাশ করা হয়।
ঢাকা বোর্ড:
ঢাকা বোর্ডে জিপিএ- ৫ প্রাপ্ত মোট শিক্ষার্থী নয় হাজার চারশ পঞ্চাশ জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা পাঁচ হাজার চারশ ৬৫ জন, ছাত্রীর সংখ্যা তিন হাজার নয়শ ৮৫ জন। জিপিএ- ৫ পাওয়া ছাত্রের হার ৬ দশমিক ৭৩ শতাংশ এবং ছাত্রীর হার ৫ দশমিক ৫৯।
রাজশাহী বোর্ড
রাজশাহী বোর্ডে জিপিএ- ৫ প্রাপ্ত মোট দু' হাজার দু'শ উনত্রিশ জনের মধ্যে এক হাজার তিনশ ১৪ জন ছাত্র। আর ছাত্রী নয়শ ১৫ জন। শতকরা হিসেবে এ হার যথাক্রমে ৩ দশমিক ২০ ও ২ দশমিক ৭৫ শতাংশ।
কুমিল্লা বোর্ড
কুমিল্লা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে মোট ৬০১ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ৩৬৯ জন এবং ছাত্রী ২৩২ জন। শতকরা হিসেবে ছাত্র ও ছাত্রীর এ অনুপাত যথাক্রমে এক দশমিক ৭০ ও এক দশমিক উনিশ।
যশোর বোর্ড
উত্তীর্ণের হারের দিক থেকে সবচেয়ে এগিয়ে থাকা যশোর বোর্ডেও ছাত্ররাই বেশি সংখ্যায় জিপিএ- ৫ পেয়েছে। এ বোর্ডে জিপিএ-৫ পাওয়া মোট দুই হাজার ৯৩ শিক্ষার্থীর মধ্যে ছাত্রের সংখ্যা ১ হাজার ২১৯ জন এবং ছাত্রী ৮৭৪ জন। শতকরা হিসেবে এ অনুপাত ৩ দশমিক ০৭ ও দুই দশমিক ৬০।
চট্টগ্রাম বোর্ড
চট্টগ্রাম বোর্ডে জিপিএ-৫ পেয়েছে মোট এক হাজার ৪৪৮ শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৭৫৯ জন এবং ছাত্রী ৬৮৯ জন; শতকরা হিসেবে ছাত্র ও ছাত্রীদের এ অনুপাত ৩ দশমিক ৫১ ও ৩ দশমিক ৪৭।
বরিশাল বোর্ড
বরিশাল বোর্ডে জিপিএ-৫ পাওয়া ৫৭৪ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্র ৩১৮ জন এবং ছাত্রী ২৫৬ জন। এ বোর্ডে জিপিএ- ৫ পাওয়া ছাত্রের শতকরা হার ২ দশমিক ১৪ শতাংশ এবং ছাত্রীর এক দশমিক ৭২ শতাংশ।
সিলেট বোর্ড
সিলেট বোর্ডে জিপিএ-৫ পাওয়া ৪৩৯ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্র ২৫৮ জন এবং ছাত্রী ১৮১ জন। শতকরা হিসেবে এ অনুপাত ২ দশমিক ৯৩ ও এক দশমিক ৯৪।
দিনাজপুর বোর্ডে জিপিএ-৫ পাওয়া ১ হাজার ৩৮৮ জন শিক্ষার্থীর মধ্যেও ছাত্ররাই এগিয়ে রয়েছে। এ বোর্ডে জিপিএ- ৫ পেয়েছে ৮৩০ জন ছাত্র এবং ৫৫৮ জন ছাত্রী। শতকরা হিসেবে এ অনুপাত ২ দশমিক ৭৫ ও এক দশমিক ৯৭।
মাদ্রাসা বোর্ড
মাদরাসা বোর্ডে জিপিএ-৫ পাওয়াদের মধ্যে এক হাজার ৫৪৫ জন ছাত্র এবং ছাত্রী ৩৪৯ জন। শতকরা হিসেবে ছাত্র-ছাত্রীর এ অনুপাত ৪ দশমিক ২৫ ও এক দশমিক ৫৪।
এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডে মোট জিপিএ-৫ পাওয়া ২০ জনের মধ্যে ১১ জনই ছাত্র।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এএল/এসকে/২০১২ঘ.
bdnews24