ফেনী, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর বিডিআর সদর দপ্তরে বিদ্রোহ ও সেনা কর্মকর্তাদের হত্যার বিচার, বিডিআর পুনর্গঠন এবং সীমান্তরক্ষী বাহিনীটির নিয়মিত কার্যক্রম একসঙ্গে চলবে বলে জানিয়েছেন এর মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম।
তিনি বলেন, "এটা আমাদের জন্য এক বড় চ্যালেঞ্জ। এজন্য বিডিআরের বিভিন্ন ব্যাটালিয়নের সদর দপ্তর পরিদর্শন করে কর্মকর্তা ও সৈনিকদের সঙ্গে মতবিনিময় করা হচ্ছে।"
শনিবার সকালে ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্করে ১৯ রাইফেলস ব্যাটালিয়নের সদর দপ্তরে কোয়ার্টার গার্ড পরিদর্শন শেষে মেজর জেনারেল মইনুল সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, "সেদিন ওই ঘটনায় সীমান্তের সকল বিওপি জড়িয়ে গেলে ভয়াবহ পরিস্থিতি হত। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে সেজন্য সকলকে সতর্ক থাকতে হবে।"
এরপর অনুষ্ঠিত হয় দরবার।
দুপুরে বিডিআর মহাপরিচালক পদুয়া, গুথুসা, মজুমদারহাট, পরশুরাম, খেজুরিয়া বিওপি ও বিলোনীয়া স্থলবন্দর এলাকা (প্রস্তাবিত) পরিদর্শন করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন- কুমিল্লার সেক্টর কমান্ডার কর্নেল মির্জা আজিজুল ইসলাম এবং ১৯ রাইফেল এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. একরামুল কবির হাওলাদার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮২৭ ঘ.
bdnews24