২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভার ও রাজবাড়ীতে অস্ত্রসহ দু'জন গ্রেপ্তার

সাভারের সাদাপুর থেকে শুক্রবার বিকেলে গুলিভর্তি পিস্তলসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সকালে রাজবাড়ীর পাংশায় এলাকাবাসী অস্ত্রসহ একজনকে ধরে পুলিশে দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2009, 03:39 PM

Updated : 26 Aug 2022, 11:47 AM

ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের সাদাপুর থেকে শুক্রবার বিকেলে গুলিভর্তি পিস্তলসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সকালে রাজবাড়ীর পাংশায় এলাকাবাসী অস্ত্রসহ একজনকে ধরে পুলিশে দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধির পাঠানো সংবাদ- সাভার: সাভারের সাদাপুরের পুরানবাড়ি এলাকা থেকে গুলিভর্তি পিস্তলসহ জাবেদ (৩০) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। জাবেদ সাভার পৌর এলাকার রাজাশন মহল্লার রফিক মিয়ার ছেলে। র‌্যাব-৪ সাভার ক্যাম্প কমান্ডার শাহ মিজান উল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে সাদাপুর পুরানবাড়ি এলাকায় অস্ত্রসহ এক অপরিচিত ব্যক্তিকে দেখে লোকজন র‌্যাবকে খবর দেয়। র‌্যাব তাকে গ্রেপ্তারের পর দেহ তল্লাশি করে দুই রাউন্ড গুলিভর্তি ইতালির তৈরি একটি পিস্তল ও একটি ম্যাগজিন উদ্ধার করে। তিনি জানান, জাবেদকে সাভার থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। রাজবাড়ী: পাংশা উপজেলার হোসেন ডাঙ্গা গ্রামে এলাকাবাসী রহমান হাবিব (৩২) নামের এক ব্যক্তিকে ধরে পুলিশে দিয়েছে। এ সময় হাবিবের কাছ থেকে একটি শাটার গান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। হাবিব উপজেলার নটাডাঙ্গা গ্রামের মজিবর রহমান খানের ছেলে। পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুর রহমান জানান, সকাল ৯টার দিকে হোসেন ডাঙ্গা গ্রামে রাস্তায় প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করার সময় এলাকাবাসী তাকে ধরে পুলিশকে খবর দেয়। তিনি বলেন, হাবিবকে জিজ্ঞাসাবাদ চলছে। সে নিজের নামে একটি বাহিনী গঠন করে এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছিল বলে তিনি জানান। এ ব্যাপারে পাংশা থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৪৯ ঘ.