ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিশোধনাগার ও পরিবেশ ছাড়পত্র ছাড়া পোষাক ওয়াশিং কারখানা চালানোর অপরাধে প্রতিষ্ঠানের কয়েকজন কর্মকর্তাকে ৪ হাজার টাকা করে জরিমানা ও তা অনাদায়ে দুই মাস কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
তেজগাঁও শিল্প এলাকার "নাশা মেইনল্যান্ড" কারখানার চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও দুই পরিচালককে বৃহস্পতিবার এ দণ্ড দেন ঢাকার পরিবেশ আদালতের বিচারক ফউজুল আজিম।
পরিবেশ অধিদপ্তরের সরেজমিনে পরিদর্শনে দেখা যায় তেজগাঁও শিল্প এলাকার ওই প্রতিষ্ঠানে রাসায়নিক বর্জ্য পরিশোধনের জন্য কোন পরিশোধনাগার নেই। এতে তরল বর্জ্য সরাসরি ওয়াসার ড্রেনে মিশে যাচ্ছে।
রায়ে বিচারক উল্লেখ করেন, যেহেতু অভিযুক্তরা আদালতে স্বেচ্ছায় দোষ স্বীকার করেছে এবং ভবিষ্যতে এ রকম কাজ করবে না বলে অঙ্গীকার করেছে তাই সার্বিক বিবেচনায় শাস্তি প্রদানের ক্ষেত্রে নমনীয় দৃষ্টিভঙ্গী গ্রহণ করা হলো।
পরিবেশ আইন লংঘনের ক্ষেত্রে প্রচলিত আইনে নগন্য শাস্তিকে এ আইন লংঘনের ব্যাপকতার অন্যতম প্রধান কারণ বলে মনে করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/২৩৫৫ঘ.
bdnews24