খুলনা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা ও লুটপাটের অভিযোগে বৃহস্পতিবার খুলনা ও ফরিদপুরে ১০ জনের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে।
সংশ্লিষ্ট জেলার বিচার বিভাগীয় হাকিম আদালত মামলা দুটি আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা নিতে থানাকে নির্দেশ দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর:
খুলনা: বাবাকে হত্যার অভিযোগে জেলার ডুমুরিয়া উপজেলার আবু বক্কার শেখ বাদী হয়ে খুলনার অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় হাকিম শহীদুল ইসলামের আদালতে একটি মামলা করেন।
মামলার আসামিরা হলেন- উপজেলার হামিদ সানা (৬৮), আনার আলী ফকির (৬৭), আব্দুল হামিদ শেখ (৬৬), হানেফ সানা (৬৪), আলতাফ শেখ (৬৩) ও এরশাদ আলী (৬৬)।
আদালত অভিযোগ তদন্ত করে আগামী ৬ অক্টোবর প্রতিবেদন জমা দেওয়ার জন্য ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
বাদী অভিযোগ করেন, আসামিরা মুক্তিযুদ্ধের সময় উপজেলার কুমিখা গ্রামের আকরাম উদ্দিন শেখের বাড়িতে হানা দিয়ে নগদ টাকা ও স্বর্ণলংকার লুট করে। পরে তারা আকরাম উদ্দিনকে ভদ্রা নদীর চরে নিয়ে গুলি করে হত্যা করে।
ফরিদপুর: জেলার মধুখালী উপজেলার ছোন্দাহ গ্রামের আসমত আলী খান বাদী হয়ে যুদ্ধাপরাধের অভিযোগে একটি মামলা করেছেন।
মামলার আসামিরা হলেন- মধুখালী উপজেলার নওপাড়া গ্রামের ধলামিয়া (৬৫), চন্ডীবিলা গ্রামের তোরাব হোসেন (৬০), শাম মোল্লা (৫৮) এবং মকবুল হোসেন (৬২)।
মামলার অভিযোগে বলা হয়, মুক্তিযুদ্ধের সময় বাংলা ১৭ ভাদ্র তারিখে আসামিরা স্থানীয় আড়কান্দি ব্রীজের কাছে বাদির বাবা আকমল খান ও চাচা জেলাল খানকে গুলি করে হত্যা করে।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মহসিনুল হক জানান, ২১ জুলাই ফরিদপুরের চার নম্বর আমলি আদালতে মামলাটি দায়ের করা হয়। আদালতের নির্দেশে বৃহস্পতিবার মামলাটি নথিভূক্ত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এমএসবি/২৩২৮ ঘ.
bdnews24