২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্দা দীর্ঘ হলে পোশাক রপ্তানি ও বস্ত্র খাত হুমকিতে পড়বে: এডিবি প্রেসিডেন্ট

বিশ্ব অর্থনীতির চলমান মন্দার প্রথম পর্যায়ের ধাক্কা বাংলাদেশ মোটামুটি কাটিয়ে উঠেছে বলে জানিয়েছেন সফররত এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট হারুহিকো কুরোদা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2009, 04:07 PM

Updated : 26 Aug 2022, 11:47 AM

ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব অর্থনীতির চলমান মন্দার প্রথম পর্যায়ের ধাক্কা বাংলাদেশ মোটামুটি কাটিয়ে উঠেছে বলে জানিয়েছেন সফররত এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট হারুহিকো কুরোদা। তবে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, মন্দা দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশের অর্থনীতিতে এর বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে। বিশেষ করে রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক ও বস্ত্র শিল্প খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। সে পরিস্থিতি মোকাবেলার জন্য বাংলাদেশকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের পরামর্শ দিয়েছেন এডিবি প্রধান। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর সোনাগাঁও হোটেলে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন। হারুহিকো কুরোদা বলেন, "বিশ্বমন্দার প্রথম পর্যায়ের প্রভাব বাংলাদেশে খুব একটা পড়েনি। বলা যায়, দেশটি মন্দার প্রথম পর্যায়ের ধাক্কা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে। তবে মন্দা যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে এর দ্বিতীয় পর্যায়ের ধাক্কায় দেশটির অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।" তিনি বলেন, "মন্দার প্রথম পর্যায়ের ধাক্কায় বাংলাদেশের রপ্তানি আয় ও রেমিটেন্স প্রবাহে তেমন একটা নেতিবাচক প্রভাব পড়েনি। তবে দীর্ঘস্থায়ী মন্দার কারণে রপ্তানি আয় ও রেমিটেন্স প্রবাহের প্রবৃদ্ধি কমে যেতে পারে। অন্যদিকে আমদানি কমে যাওয়ার কারণে সরকারের রাজস্ব আদায়ও কমে যেতে পারে।" তিনি বলেন, এখন পর্যন্ত দক্ষিণ এশিয়ার দেশগুলোতে মন্দার প্রভাব তেমন একটা স্পর্শ না করলেও ইউরোপ, আমেরিকাসহ উন্নত দেশের অর্থনীতি তছনছ হয়ে গেছে। অনেক চেষ্টা করেও সে ক্ষতি কাটিয়ে উঠতে পারছে না দেশগুলো। বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক ঐ দেশগুলোতেই রপ্তানি হয়ে থাকে। এ কারণে মন্দা দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বড় ধরনের হমকির মুখে পড়বে। আর যেহেতু তৈরি পোশাকের ওপর বস্ত্র খাত সরাসরি নির্ভরশীল সেহেতু এ খাতও ক্ষতিগ্রস্ত হবে বলে জানান এডিবি প্রেসিডেন্ট। কুরোদা জানান, বিশ্বমন্দা মোকাবেলায় বিভিন্ন দেশকে সহায়তার জন্য এডিবি ৩ বিলিয়ন ডলারের একটি 'বিশেষ তহবিল' গঠন করেছে। এ তহবিল থেকে বাংলাদেশ সরকার ৫০০ মিলিয়ন (৫০ কোটি) ডলার জরুরি সহায়তা চেয়েছে। বাংলাদেশের মতো আরও কয়েকটি দেশ এ সহায়তা চেয়েছে। "বাংলাদেশের ৫০ কোটি ডলারের সহায়তার বিষয়টি এডিবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। এডিবি'র বোর্ড সভায় এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে," বলেন এডিবি প্রধান। কুরোদা বলেন, "বিশ্বমন্দা সত্ত্বেও চলতি ২০০৯-১০ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি (জিডিপি প্রবৃদ্ধি) ৫ দশমিক ৫ থেকে ৬ শতাংশের মধ্যে থাকবে। যা অন্য যে কোনো দেশের চেয়ে ভালো বলে আমি মনে করি।" চলতি বাজেটে বাংলাদেশে ৫ দশমিক ৫ থেকে ৬ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জিত হবে বলে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। দুর্নীতি রোধে সরকারকে আন্তরিকভাবে কাজ করার পরামর্শ দিয়ে তিনি বলেন, সরকার দুর্নীতি রোধে যে কমিশন গঠন করেছে তাকে ভালোভাবে কাজ করার সুযোগ দিতে হবে। একটা বিষয় মনে রাখতে হবে- সুশাসন প্রতিষ্ঠিত না হলে অর্থনৈতিক উন্নয়ন হবে না। এ বিষয়টি বিবেচনায় রেখেই দুর্নীতি রোধে সরকারের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে মন্তব্য করেন তিনি। ভারতের প্রস্তাবিত টিপাইমুখ বাঁধ নিয়ে বাংলাদেশে ব্যাপক সমালোচনা হচ্ছে-এ বিষয়ে এডিবি'র প্রতিক্রিয়া জানতে চাইলে এর সরাসরি জবাব না দিয়ে এডিবি প্রেসিডেন্ট বলেন, বর্তমান বিশ্ব ব্যবস্থায় আঞ্চলিক সহযোগিতা ছাড়া কোনো দেশের পক্ষেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা জোরদারের বিষয়ে এডিবি দীর্ঘদিন ধরে কাজ করছে। তিনি বলেন, "আমরা (এডিবি) চাই বাংলাদেশ, ভারত ও নেপালের মধ্যে সরাসরি সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠুক। এতে এ তিন দেশই লাভবান হবে।" অন্যদিকে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রেও এই তিন দেশের মধ্যে আঞ্চলিক সহযোগিতা জোরদার হওয়া উচিত বলে তিনি মনে করেন। এ প্রসঙ্গে কুরোদা বলেন, "এই তিন দেশের সম্মিলিত উদ্যোগে কোনো বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হলে বাংলাদেশ সবচেয়ে বেশি লাভবান হবে।" সংবাদ সম্মেলনের আগে এডিবি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠক করেন। হারুহিকো কুরোদা দুই দিনের সফরে বৃহস্পতিবার ঢাকা এসেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/এইচএ/২২৫১ঘ.