২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিপাইমুখ বাঁধ ফারাক্কার মত আরেকটি মরণফাঁদ হবে: হাফিজ

টিপাইমুখ বাঁধ বাংলাদেশের মানুষের জন্য ফারাক্কার মত আরেকটি মরণফাঁদে পরিণত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-সভাপতি ও সাবেক পানি সম্পদ মন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর হফিজ উদ্দিন আহম্মেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2009, 06:53 PM

Updated : 26 Aug 2022, 11:47 AM

ভোলা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টিপাইমুখ বাঁধ বাংলাদেশের মানুষের জন্য ফারাক্কার মত আরেকটি মরণফাঁদে পরিণত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-সভাপতি ও সাবেক পানি সম্পদ মন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর হফিজ উদ্দিন আহম্মেদ। তিনি বলেন, "টিপাইমুখে বাঁধ হলে বাংলাদেশ মরভূমি হয়ে যাবে। প্রতিবেশী দেশ ভারত অপেক্ষায় থাকে কখন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, তখন তারা তাদের স্বার্থগুলো আদায় করে নেবে।" বৃহস্পতিবার বিকেলে ভোলা শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটির প্রথম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাফিজ আরো বলেন, বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ থেকে সরে গেছে বলেই গত নির্বাচনে বিএনপির আসন সংখ্যা এত কমেছে। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় অনেক চাপ এসেছে। কিন্তু বিএনপিকে দ্বিখন্ডিত হতে দেইনি। ১৯৬৮ সাল থেকে শহীদ জিয়া ও বেগম জিয়াকে চিনি। বেগম জিয়া যতদিন চাইবেন ততদিন বিএনপিতে থাকবো। জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে সাবেক সাংসদ নাজিম উদ্দিন আলম ও বিএনপি নেতা আমিনুল ইসলাম খান বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এইচএ/২৩৫৭ ঘ.