ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌসুমী বায়ু প্রবাহের প্রাবল্য কমে যাওয়ায় সমুদ্রবন্দরগুলো থেকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত নামিয়ে নিতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার সকালে আবহাওয়া অধিদপ্তরের এক বুলেটিনে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, উত্তর বঙ্গোপসাগরে মৌসুমী বায়ুপ্রবাহ ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়ায় বায়ুচাপের তারতম্যের আধিক্য কমে গেছে। তাই সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার কোনও সম্ভাবনা নেই।
মৌসুমী বায়ু প্রবাহ প্রবল হওয়ায় এর আগে চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত দেখিয়ে যেতে বলেছিল আবহাওয়া অধিদপ্তর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এমআই/১৩১৫ ঘ.
bdnews24