ব্রাহ্মণবাড়িয়া, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জিয়া সার কারখানার অ্যামোনিয়া প্ল্যান্ট থেকে অতিরিক্ত গ্যাস নির্গমনের কারণে বুধবার রাতে কারখানা সংলগ্ন গ্রামের ২৫ জন অসুস্থ হয়ে পড়েছেন।
স্থানীয়রা সাংবাদিকদের বলেন, কারখানা থেকে অতিরিক্ত অ্যামোনিয়া গ্যাস নির্গত হওয়ায় রাত ৯টার দিকে চর চারতলা গ্রামের ওই বাসিন্দারা অজ্ঞান হয়ে পড়েন। তাদের কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জিয়া সারকারখানার ব্যবস্থাপনা পরিচালক ওসমান গনি অতিরিক্ত অ্যামোনিয়া নির্গত হওয়ার কথা স্বীকার করেছেন।
ঘটনার প্রতিবাদে গ্রামবাসী রাতে কারখানা গেটে বিক্ষোভও করে।
ইউরিয়া সার উৎপাদনের অপরিহার্য উপাদান অ্যামোনিয়া গ্যাস উৎপাদনের জন্য কারখানার ভিতরে একটি গ্যাস প্ল্যান্ট রয়েছে। তবে প্ল্যান্টের ত্র"টির কারণে গত প্রায় ৩/৪ বছর ধরে অ্যামোনিয়া গ্যাস লিকেজ হয়ে কারখানার চারপাশে ছড়িয়ে পড়ছে।
স্থানীয়দের অভিযোগ, এত বিভিন্ন রোগ-ব্যাধি দেখা দিচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে গাছ-পালা ও প্রাকৃতিক পরিবেশ।
গ্যাস দূষণে গুরুতর অসুস্থরা হলেন, রুকসানা বেগম (২৪), আয়েশা বেগম (৫০), জোবেদা বেগম (৪৫), আমেনা বেগম (৫৫), সুফিয়া বেগম (৩৫), সায়েদা বেগম (৩১) ও জাহানারা বেগম (৩২)।
তারা আশুগঞ্জ নূর মেডিকেল সেন্টার, সোহরাব মেডিকেল হল এবং জিয়া সার কারখানা কলোনি হাসপাতালে ভর্তি আছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১৩১২ ঘ.
bdnews24