পাবনা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনায় আওয়ামী লীগের এক নেতাকে বৃহস্পতিবার কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। দলের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এই হামলা হয়েছে বলে পুলিশ ও স্থানীয়দের ধারণা। আহত বেলায়েত আলী বিল্লু (৪৫) পাবনার সরকারি আইন কর্মকর্তা (পিপি)।
স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৯টার দিকে জেলা শহরের কেন্দ্রস্থলে রায় বাহাদুর গেট এলাকায় সন্ত্রাসীরা বেলায়েতের ওপর হামলা চালায়। আহত বেলায়েতকে পথচারীরা সদর হাসপাতালে নিয়ে আসে।
হাসপাতালে চিকিৎসাধীন বেলায়েত সাংবাদিকদের বলেন, তিনি মোটরবাইকে করে শহরের শালগাড়িয়ায় নিজ বাড়ি থেকে জজ কোর্টে যাচ্ছিলেন। ওই সময় ১০/১২ জন সন্ত্রাসী তাকে আটকে এলোপাতাড়ি কোপায়।
বেলায়েত পাবনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক।
বুধবার জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং আরেক সরকারি আইন কর্মকর্তা (এপিপি) আহাদ বাবুর ওপর সন্ত্রাসী হামলা হয়।
দলীয় রাজনীতিতে বেলায়েত ও আহাদ আলাদা গ্র"পে থাকায় ওই ঘটনার জের ধরেই বৃহস্পতিবারের হামলা হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের কয়েকজন নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন।
বেলায়েত বলেন, "আওয়ামী লীগে ঘাপটি মেরে থাকা সন্ত্রাসীরাই আমার ওপর হামলা চালিয়েছে।"
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান সাংবাদিকদের বলেন, "বুধবারের ঘটনার জের ধরে বেলায়েত আলীর ওপর হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।"
এদিকে বেলায়েতের ওপর হামলার প্রতিবাদে আওয়ামী লীগ ও যুবলীগ দুপুর ১২টার দিকে শহরে মিছিল বের করে। হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে জজ কোর্টের আইনজীবীরা বৃহস্পতিবার কর্মবিরতি পালন করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৫৫ ঘ.
bdnews24