ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পূর্ব রামপুরার একটি চালের দোকানে বুধবার রাতে চাঁদা চাইতে গিয়ে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ২৪।
মতিঝিল জোনের পুলিশ পরিদর্শক আলী আহমেদ হাশমী জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে ১২৪ পূর্ব রামপুরার একটি চালের দোকানে একদল ছিনতাইকারী চাঁদা দাবি করে। এ নিয়ে দোকানীর সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। এসময় একজন আগ্নেয়াস্ত্র বের করে কয়েক রাউন্ড গুলি করে। দোকান মালিক দাবি করছেন, তাকে গুলি করা হলেও গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। পরে জনতা চাঁদাবাজদের ধাওয়া করে একজনকে ধরে ফেলে এবং তাকে গণপিটুনি দেয়।
টহল পুলিশ এসে বিক্ষুব্ধ জনতার হাত থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। তার দেহ তল্লাশি করে যুুক্তরাষ্ট্রে তৈরি একটি পিস্তল পাওয়া যায়।
নিহতের পরনে ছিল জিন্সের প্যান্ট ও টি-শার্ট। তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/এইচএ/২৩৩০ ঘ.
bdnews24